‘পরিবারতন্ত্র চলবে না’, ক্রীড়ামন্ত্রী হয়েই কড়া বার্তা নিশীথের

0



দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকেই কড়া বার্তা দিলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। একই সঙ্গে একাধিক উন্নয়নমূলক ঘোষণা করে ক্রীড়ামহলে নতুন আশার সঞ্চার করলেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ বলেন, ‘মেসি-কাণ্ড ক্রীড়া জগতের কালো অধ্যায়। কারা এর পিছনে রয়েছে, সেই ফাইল খোলা হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে। যে সংস্থা অনুষ্ঠান করেছিল, তাদের টাকা ফেরত দিতেই হবে।’ এর পাশাপাশি রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা জানান ক্রীড়ামন্ত্রী। জেলা জেলায় ক্রীড়া মহোৎসব আয়োজনের ঘোষণা করেন তিনি। অলিম্পিকে স্কেটিং অন্তর্ভুক্ত হলেও বাংলায় এখনও স্কেটিং রিং না থাকায় দ্রুত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আধুনিক স্কেটিং রিং তৈরির আশ্বাস দেন নিশীথ। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অলিম্পিক ট্র্যাক বসানো, বড় ইন্ডোর স্টেডিয়াম নির্মাণ এবং স্টেট গেমস পরিচালনায় অ্যাডভাইসরি কমিটি গঠনের কথাও জানান তিনি।
প্রতিভাবান সাঁতারুদের কেন্দ্রীয় প্রকল্পের আওতায় এনে প্রয়োজনে বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানান ক্রীড়ামন্ত্রী। পাশাপাশি ৭ জুন ব্লক ও জেলা স্তরে ‘খেলো ইন্ডিয়া’ কর্মসূচির অংশ হিসেবে সাইকেল ম্যারাথনের আয়োজন এবং মহিলাদের জন্য ‘খেলো অস্মিতা’ প্রকল্প চালুর কথাও ঘোষণা করেন। এদিন আন্তর্জাতিক স্তরে সফল ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কার বৃদ্ধির কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। নিশীথ জানান, অলিম্পিকে সোনা জিতলে ৮ কোটি, রুপোর জন্য ৬ কোটি এবং ব্রোঞ্জ পদকের জন্য ৪ কোটি টাকার পুরস্কার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ন্যাশনাল গেমসের পদকজয়ীদের পুরস্কারও বাড়ানো হবে। আন্তর্জাতিক স্তরে পদকজয়ীদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ দেওয়ার আশ্বাসও দেন তিনি।
সব ক্রীড়া সংস্থাকে দ্রুত জাতীয় স্পোর্টস বিল মেনে চলার আবেদন জানিয়ে নিশীথ স্পষ্ট বলেন, ‘কোনও ক্রীড়া সংস্থায় পরিবারতন্ত্র বরদাস্ত করা হবে না।’ পাশাপাশি যুবভারতীর বাইরে থাকা বিশ্ববাংলা মূর্তি সরিয়ে সেখানে কোনও প্রখ্যাত ফুটবলারের মূর্তি বসানোর কথাও জানান নতুন ক্রীড়ামন্ত্রী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *