অনলাইনে টিকিট কাটলেই সরাসরি মাঠে প্রবেশ, ১৩৫তম ডুরান্ড কাপে চালু হচ্ছে নতুন ব্যবস্থা

0



ডুরান্ড কাপের টিকিট কেটে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আবার ফিজিক্যাল টিকিট সংগ্রহ, এই চেনা ভোগান্তির দিন শেষ। ১৩৫তম ডুরান্ড কাপের আগে ফুটবলপ্রেমীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে অনলাইনে কাটা ই-টিকিটই হবে মাঠে ঢোকার পাস।আলাদা করে আর কোনও স্ট্যাম্পিং বা ফিজিক্যাল টিকিট সংগ্রহের প্রয়োজন হবে না।
আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে দেশের প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপ। ২৪টি দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে ২৩ আগস্ট পর্যন্ত। প্রতিবারের মতো এবারও কলকাতা ডুরান্ডের অন্যতম কেন্দ্র। তবে মাঠের লড়াই শুরুর আগেই দর্শকদের জন্য সবচেয়ে বড় সুখবর এল টিকিট ব্যবস্থা নিয়ে। এতদিন অনলাইনে টিকিট কাটার পরেও সমর্থকদের মোহনবাগান মাঠ বা মহমেডান মাঠে গিয়ে কিউআর কোড দেখিয়ে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হতো। অনেক সময় বৃষ্টি, জল-কাদা আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে ফুটবলপ্রেমীদের। বহু বছর ধরেই এই নিয়ম বদলের দাবি উঠেছিল। কিন্তু সেই দাবি কার্যকর হয়নি। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান।
বুধবার ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ঘোষণা করেন, এবারের ডুরান্ড কাপ থেকেই চালু হচ্ছে পেপারলেস টিকিট ব্যবস্থা। তিনি বলেন, ‘ডুরান্ডের আগে দর্শকদের জন্য সুখবর। আর স্ট্যাম্পিংয়ের জন্য এদিক-ওদিক দৌড়তে হবে না। অনলাইনে কাটা টিকিট নিয়েই স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। এই উদ্যোগ বাস্তবায়নে ইন্ডিয়ান আর্মি এবং ডিপার্টমেন্ট অফ ইয়ুথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টসকে ধন্যবাদ।’
সূত্রের খবর, কলকাতায় অনুষ্ঠিত ডুরান্ড কাপের কোনও ম্যাচেই আর ফিজিক্যাল টিকিটের প্রয়োজন হবে না। ফলে সময় বাঁচার পাশাপাশি দর্শকদের ভোগান্তিও অনেকটাই কমবে। ডিজিটাল ব্যবস্থার এই পরিবর্তনকে ডুরান্ড কাপের ইতিহাসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন ক্রীড়ামহলের একাংশ।
অন্যদিকে, এবারের আসরে ২৪টি দল অংশ নিলেও জায়গা হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি-র। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থেকে ১৩৫তম ডুরান্ড কাপের উদ্বোধন করতে পারেন।
মাঠে ট্রফির লড়াই শুরু হতে এখনও কয়েক দিন বাকি। তবে সমর্থকদের কাছে এবারের ডুরান্ডের প্রথম জয় যেন ইতিমধ্যেই এসে গিয়েছে—ভোগান্তির অবসান ঘটিয়ে ডিজিটাল টিকিটের হাত ধরে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *