এক যুগ পর খেলরত্ন এ বার শূন্য কেন ? অর্জুনে ১৭ তারকা, তালিকায় নেই একজনও ক্রিকেটার !
জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকায় এ বার বড় চমক। দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান মেজর ধ্যানচাঁদ খেলরত্নের জন্য কোনও ক্রীড়াবিদের নাম ঘোষণা করা হল না। অন্যদিকে ১৭ জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। মঙ্গলবার ২০২৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক। অর্জুনের তালিকায় যেমন রয়েছেন অ্যাথলেটিকসের তেজস্বিন শঙ্কর, দাবার দিব্যা দেশমুখ ও বিদিত গুজরাটি, তেমনই রয়েছেন ব্যাডমিন্টনের ত্রিশা জলি ও গায়ত্রী গোপীচাঁদ, হকির লালরেমসিয়ামি ও রাজকুমার পাল। রয়েছেন স্প্রিন্টার মহম্মদ আজমল, বক্সার নরেন্দ্র, শুটার অখিল শেওরান, রোয়িংয়ের অরবিন্দ সিং এবং প্যারা-স্পোর্টসের রুদ্রাংশ খান্ডেলওয়াল ও একতা ভায়ানও।
তবে নজর কেড়েছে খেলরত্নের শূন্যতা। ১৯৯১-৯২ সালে এই সম্মান চালু হওয়ার পর এ নিয়ে মাত্র তৃতীয়বার কোনও ক্রীড়াবিদকে খেলরত্ন দেওয়া হচ্ছে না। এর আগে ২০০৮ এবং ২০১৪ সালে এমন ঘটনা ঘটেছিল। এ বার হকি তারকা হার্দিক সিংয়ের নাম খেলরত্নের জন্য বিবেচনায় এলেও শেষ পর্যন্ত তিনি চূড়ান্ত তালিকায় জায়গা পাননি।
অর্জুনের তালিকায় তরুণ প্রতিভাদের উপস্থিতি অবশ্য উল্লেখযোগ্য। বিশ্বকাপজয়ী দাবাড়ু দিব্যা দেশমুখ এবং অ্যাথলিট তেজস্বিন শঙ্কর রয়েছেন সেই তালিকায়। ব্যাডমিন্টনে ত্রিশা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটিও পাচ্ছেন এই সম্মান। শ্রবণপ্রতিবন্ধী শুটার ধনুষ শ্রীকান্তের নামও রয়েছে পুরস্কারপ্রাপকদের তালিকায়।
অবাক করা বিষয়, এ বারের তালিকায় ক্রিকেটের কোনও প্রতিনিধি নেই। ১৭ জন অর্জুনজয়ীর মধ্যে কোনও ক্রিকেটারকে রাখা হয়নি। ফলে ভারতীয় ক্রিকেটে একাধিক উজ্জ্বল পারফরম্যান্স সত্ত্বেও কেন এই তালিকায় ক্রিকেটার নেই, তা নিয়েও ক্রীড়ামহলে কৌতূহল তৈরি হয়েছে। ক্রীড়াবিদদের পাশাপাশি কোচদেরও সম্মান জানানো হচ্ছে। দ্রোণাচার্য পুরস্কারের সাধারণ বিভাগে রয়েছেন অ্যাথলেটিকস কোচ পরবীর সিং, বক্সিং কোচ ছোটে লাল যাদব এবং শুটিং কোচ নেহা চভন। আজীবন সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন বক্সিং কোচ ধর্মেন্দ্র সিং যাদব এবং কুস্তি কোচ বীরেন্দ্র কুমার। আজীবন কৃতিত্বের জন্য অর্জুন সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার আই অরুময়নৈগম। ১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। তাঁর দীর্ঘ ক্রীড়া জীবনের স্বীকৃতি হিসেবেই এই সম্মান। জাতীয় ক্রীড়া পুরস্কারের তালিকায় আরও একটি সম্মান রয়েছে। খেলাধুলার প্রসারে অবদানের জন্য রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার পাচ্ছে পুণের আর্মি প্যারালিম্পিক নোড।
একনজরে পুরস্কারপ্রাপকদের পূর্ণাঙ্গ তালিকা
অর্জুন পুরস্কার: তেজস্বিন শঙ্কর (অ্যাথলেটিক্স), মহম্মদ আজমল ভি (অ্যাথলেটিক্স), প্রিয়াঙ্কা গোস্বামী (অ্যাথলেটিক্স), ত্রিশা জলি (ব্যাডমিন্টন), গায়ত্রী গোপীচাঁদ (ব্যাডমিন্টন), নরেন্দ্র (বক্সিং), বিদিত সন্তোষ গুজরাঠি (দাবা), দিব্যা জিতেন্দ্র দেশমুখ (দাবা), ধনুষ শ্রীকান্ত (ডেফ শুটিং), লালরেমসিয়ামি (হকি), রাজকুমার পাল (হকি), সুরজিৎ (কাবাডি), পূজা (কাবাডি), রুদ্রাংশ খান্ডেলওয়াল (প্যারা শুটিং), একতা ভায়ান (প্যারা অ্যাথলেটিক্স), অরবিন্দ সিং (রোয়িং), অখিল শেওরান (শুটিং)।
অর্জুন পুরস্কার (আজীবন): আই অরুময়নৈগম (ফুটবল)।
দ্রোণাচার্য পুরস্কার (সাধারণ): পরবীর সিং (অ্যাথলেটিক্স), ছোটে লাল যাদব (বক্সিং), নেহা নন্দকুমার চভন (শুটিং)।
দ্রোণাচার্য পুরস্কার (আজীবন): ধর্মেন্দ্র সিং যাদব (বক্সিং), বীরেন্দ্র কুমার (কুস্তি)।
রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার: আর্মি প্যারালিম্পিক নোড, পুণে।
ছবি: এক্স (X)
