এজেজারির জোড়া গোলে বড় জয়, ওড়িশাকে উড়িয়ে খেতাবি দৌড়ে জোরাল ইস্টবেঙ্গল
গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে ঝলক দেখাল যেন ইস্টবেঙ্গল। তাতেই ঝলসে উঠল ওড়িশা। আক্রমণাত্মক ফুটবলের ঝলক দেখিয়ে বড় জয় তুলে নিল ইস্টবেঙ্গল। ওড়িশা এফসিকে ৩-০ গোলে হারিয়ে ২০২৫-২৬ আইএসএল মরশুমে খেতাবি দৌড়ে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করল লালহলুদ ব্রিগেড।

গত ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১০ জন নিয়েও লড়াকু পারফরম্যান্স সত্ত্বেও জয় অধরা ছিল। তবে মঙ্গলবার সেই আক্ষেপ মুছে দিল কোচ অস্কার ব্রুজোঁর দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ দেখায় ইস্টবেঙ্গল। তারই ফল, ১১ মিনিটে এগিয়ে যায় তারা। এডমুন্ডের পাস থেকে পিভি বিষ্ণুর নিখুঁত লো ক্রস, সেটিকে সহজেই জালে জড়িয়ে দেন বিপিন সিং। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল।

অন্যদিকে, ওড়িশা এফসি ছিল একেবারেই নিষ্প্রভ। রহিম আলি ও ভিপি সুহেররা কিছুটা চেষ্টা করলেও ইস্টবেঙ্গলের রক্ষণভাগ ও গোলকিপার প্রভসুখন গিলের সামনে তা ভেস্তে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে খানিকটা ছন্দপতন হলেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন পরিবর্ত খেলোয়াড় ইউসেফ এজেজারি। ৬৫ মিনিটের মাথায় তাঁকে নামান ব্রুজোঁ, আর তাতেই বাজিমাত। ৬৯ মিনিটে জেরির শট থেকে ফিরতি বলে গোল করে ব্যবধান বাড়ান এজেজারি। এরপর ৮৩ মিনিটে বিপিন সিংয়ের বাড়ানো বল থেকে দুরন্ত ফিনিশে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি।

এই জোড়া গোলের সুবাদে চলতি মরশুমে ৯ গোল করে আইএসএলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন এজেজারি, টপকে গেলেন মোহনবাগান সুপার জায়ান্টের জেমি ম্যাকলারেনকে। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ইস্টবেঙ্গল। শীর্ষে থাকা মোহনবাগানের থেকে তারা পিছিয়ে মাত্র ২ পয়েন্টে। ফলে খেতাবের লড়াইয়ে নতুন করে উত্তেজনা ছড়াল লালহলুদ ব্রিগেডের এই দাপুটে পারফরম্যান্স।

