২২২ তুলেও ৭ ম্যাচ পর থামল পঞ্জাব, বৈভব ঝড়ে মুল্লানপুরে রাজস্থানের দাপুটে জয়
আইপিএলে অবশেষে থামল পঞ্জাব কিংসের জয়যাত্রা। চলতি মরশুমে প্রথমবার হার মানতে হল শ্রেয়স আইয়ারের দলকে। মঙ্গলবার মুল্লানপুরে ২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৬ উইকেটে জিতে গেল রাজস্থান রয়্যালস। ব্যাট হাতে পঞ্জাবের দুরন্ত লড়াই সত্ত্বেও শেষ পর্যন্ত বোলারদের ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া হল প্রীতি জিন্টার দলের। ৭ ম্যাচ পর এই প্রথম হার পঞ্জাবের।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল পঞ্জাব। ওপেনার প্রভসিমরন সিং ৪৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। প্রিয়াংশ আর্য মাত্র ১১ বলে ২৯ রান করে দ্রুত গতি এনে দেন। কুপার কনোলি ১৪ বলে ৩০ এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার ২৭ বলে ৩০ রান যোগ করেন। তবে শেষ ঝড় তোলেন মার্কাস স্টোইনিস। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মাত্র ২২ বলে অপরাজিত ৬২ রান করে পঞ্জাবকে ৪ উইকেটে ২২২ রানের পাহাড়ে পৌঁছে দেন। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা।

এত বড় রান তাড়া করতে নেমে শুরুতেই ম্যাচের রং বদলে দেন ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ভয়ডরহীন ব্যাটিংয়ে ১৬ বলে ৪৩ রান করে পঞ্জাব শিবিরে চাপ বাড়িয়ে দেন তিনি। পাঁচটি ছক্কা ও তিনটি চার মেরে বৈভব যেন ঝড় তুলে দেন। অন্যপ্রান্তে যশস্বী জয়সওয়ালও দুরন্ত ছন্দে ছিলেন। তিনি ২৭ বলে ৫১ রান করেন।

মাঝে ধ্রুব জুরেল (১৬) ও অধিনায়ক রিয়ান পরাগ (২৯) দ্রুত ফিরে যাওয়ায় কিছুটা চাপে পড়ে রাজস্থান। কিন্তু সেখান থেকেই ম্যাচ ঘুরিয়ে দেন ডোনোভান ফেরেইরা ও শুভম দুবে। ইমপ্যাক্ট সাব হিসেবে নামা শুভমকে সঙ্গে নিয়ে ফেরেইরা পঞ্চম উইকেটে মাত্র ৩২ বলে ৭৭ রানের জুটি গড়েন। ফেরেইরা ২৬ বলে ৫২ এবং শুভম ১২ বলে ৩১ রানে অপরাজিত থেকে ১৯.২ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

পঞ্জাবের বোলিং এদিন সম্পূর্ণ ব্যর্থ। কোনও বোলারই রাজস্থানের ব্যাটারদের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। এই হারের পরেও পয়েন্ট টেবিলের শীর্ষে রইল পঞ্জাব কিংস। অন্যদিকে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে তিন নম্বরে উঠে এল রাজস্থান রয়্যালস। মুল্লানপুরে পঞ্জাবের বিরুদ্ধে রাজস্থানের জয়ের ধারাও বজায় থাকল। আর কমলা টুপির দৌড়ে আবার শীর্ষে বিস্ময় বালক বৈভব সূর্যবংশী।
