৪ মার্চ ‘ভিরোশ’ এর গ্র্যান্ড রিসেপশনে কাটছাঁট! কারা আছেন শেষপর্যন্ত নিমন্ত্রিতদের তালিকায়?
উদয়পুরে রাজকীয় আয়োজনে গাঁটছড়া বাঁধার পর ৪ মার্চ হায়দরাবাদে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডার গ্র্যান্ড রিসেপশন। আয়োজন ঘিরেই বাড়ছে কৌতূহল। কোন কোন সেলিব্রিটি আসবেন, সেদিকেই নজর ভক্তদের। কারণ, ‘ভিরোশ ওয়েডিং রিসেপশন’ নামের এই অনুষ্ঠানে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। এরমধ্যেই দম্পতি তাঁদের ভক্ত ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করেছেন যাতে তাঁরা নিরাপত্তার নিয়ম মেনে চলেন। হায়দরাবাদ পুলিশের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু নিমন্ত্রিত ব্যক্তিরাই প্পবেশের অধিকার পাবেন। শুরুতে পরিকল্পনা ছিল তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম এবং কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বদের নিয়েও একটা বড় আয়োজন করার। তাতে অনেকটাই কাটছাঁট করা হয়েছে। পুলিশের আশঙ্কা, এত বড় আকারের অনুষ্ঠানে বিপুল জনসমাগম হলে যানজট তৈরি হতে পারে এবং নিরাপত্তাঝুঁকি বাড়তে পারে। অনেক ভক্তই নবদম্পতিকে একনজর দেখার আশায় ছিলেন, সে আশা পূরণ হওয়ার কোনও জায়গায়ই নেই। আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বড় আকারে জনসমাগম, যানজট ও সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি এড়াতে পুলিশ কঠোর নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছে। অতিথি, সাধারণ মানুষ এবং নবদম্পতির নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অতিথি তালিকা প্রকাশ করেননি বিজয়-রশ্মিকা। সবকিছুই রাখা হচ্ছে কঠোর গোপনীয়তায়। আর সেই গোপন অতিথি তালিকাতেই নাকি রয়েছে বড় চমক।কিছু ভক্ত হতাশ হলেও অধিকাংশই এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।সমাজ মাধ্যমে অনেকে লিখেছেন, তারকাদের নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বপ্নের বিয়ের পর সংবর্ধনা নিয়েও রোমাঞ্চ তুঙ্গে।

বিয়ের পর দু’জনে একসঙ্গে আশীর্বাদ নিতে পৌঁছে যান তিরুপতির মন্দিরে।মন্দিরে তাঁদের উপস্থিতির একাধিক ভিডিয়ো এরমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। দর্শনার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে নবদম্পতিকে। শুধু ওই মন্দিরেই নয়, বিয়ে উপলক্ষ্যে মিষ্টি মুখ করানোর প্রতিশ্রুতি রক্ষা করতে গোটা দেশের বিভিন্ন মন্দিরে ভক্তদের জন্য মিষ্টি পাঠানোর ব্যবস্থা করবেন বলেও জানান। মিষ্টি পাঠানোর এই তালিকায় রয়েছে তেলেঙ্গানা, দিল্লি, চন্ডীগড়, উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড়, অসম, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও বিহার।

