বৈভবের দুরন্ত ইনিংসেও ব্যর্থ রাজস্থান, শুভমনের ঝোড়ো সেঞ্চুরিতে ফাইনালে গুজরাট
আইপিএলে ফের ইতিহাসের পুনরাবৃত্তি। লিগ পর্বের সেরা দুই দলই উঠল ফাইনালে। রবিবার খেতাবের লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে গুজরাট টাইট্যান্স। শুক্রবার কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে অনায়াসেই ফাইনালের টিকিট নিশ্চিত করল শুভমন গিলের দল।
২১৫ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমেও একবারের জন্য চাপে পড়তে হয়নি গুজরাটকে। শুরু থেকেই রাজস্থানের বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন শুভমন গিল ও সাই সুদর্শন। দু’জনের ব্যাটিংয়ে যেন টি-টোয়েন্টি ক্রিকেটও সহজ মনে হচ্ছিল। প্রথম উইকেটে ১৬৭ রানের জুটি গড়ে ম্যাচ কার্যত শেষ করে দেন তাঁরা।
অধিনায়ক শুভমন খেললেন দুরন্ত ইনিংস। মাত্র ৪৭ বলে শতরান পূর্ণ করেন তিনি, যা গুজরাট টাইট্যান্সের হয়ে দ্রুততম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৩ বলে ১০৪ রান করে আউট হন গিল। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছয়। অন্যদিকে সুদর্শন ৩২ বলে ৫৮ রান করেন। তবে আগের ম্যাচের মতোই দুর্ভাগ্যজনকভাবে হিট উইকেট হয়ে ফিরতে হয় তাঁকে।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। শুরুটা ভালো না হলেও বৈভব সূর্যবংশী ও রবীন্দ্র জাদেজার জুটিতে লড়াইয়ে ফেরে রাজস্থান। ১৫ বছরের বৈভব আবারও নজর কাড়লেন তাঁর পরিণত ইনিংসে। ৪৭ বলে ৯৬ রান করেন তিনি। ইনিংসে ছিল ৮টি চার ও ৭টি ছয়। শতরান থেকে মাত্র ৪ রান দূরে থামলেও, আইপিএলে দ্রুততম ১০০০ রানের নজির গড়েন বৈভব। জাদেজা করেন ৩৫ বলে ৪৫ রান। শেষদিকে ডোনোভ্যান ফেরেরার ১১ বলে ৩৮ রানের ক্যামিও রাজস্থানকে ২১৪/৬ স্কোরে পৌঁছে দেয়।তবে এত বড় রানও যথেষ্ট হল না। পাওয়ার প্লে থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে গুজরাট। রাজস্থানের বোলাররা কোনও সময়ই ম্যাচে প্রভাব ফেলতে পারেননি। গিলের সেঞ্চুরিতে ১৮.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট।
এবার ফাইনালে অপেক্ষা আরসিবি বনাম গুজরাটের হাইভোল্টেজ লড়াই। একদিকে বিরাট কোহলির বেঙ্গালুরু, অন্যদিকে শুভমন গিলের গুজরাট। আইপিএলের মঞ্চে নতুন চ্যাম্পিয়নের খোঁজে এখন ক্রিকেটপ্রেমীদের নজর রবিবারের মহারণে।
