লখনউয়ের মঞ্চে ভেঙে পড়েছিলেন! এ বার কলকাতার কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত সুনিধির
স্থগিত হল সুনিধি চৌহানের চলতি সর্বভারতীয় সঙ্গীত সফর ‘আই অ্যাম হোম ট্যুর ২০২৫-২৬’-এর, শেষ পর্বের অনুষ্ঠান। ১৪ মার্চ কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কনসার্ট। কিন্তু শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করলেন গায়িকা।
গলার সংক্রমণের কারণেই আপাতত স্থগিত করা হয়েছে তাঁর কলকাতার কনসার্ট। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সুনিধি জানান, তীব্র গলার সংক্রমণের কারণে চিকিৎসকের পরামর্শে তাঁকে সম্পূর্ণ ভোকাল রেস্ট নিতে বলা হয়েছে। সেই কারণেই ১৪ মার্চ-এর কনসার্ট আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে।
সোশ্যাল মিডিয়া পোস্ট-এ সুনিধি জানান, দেশের বিভিন্ন শহরে চলা তাঁর ‘আই অ্যাম হোম ট্যুর ২০২৫-২৬’ দর্শকদের কাছ থেকে বিপুল ভালোবাসা পেয়েছে। তাই সম্পূর্ণ সুস্থ হয়ে ভক্তদের সামনে সেরা পারফরম্যান্স তুলে ধরতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কলকাতার দর্শকের কাছে তিনি সমর্থনের আবেদনও জানিয়েছেন। কনসার্টের নতুন নির্ধারিত তারিখ হল ২৫ মার্চ। অনুষ্ঠানটি আগের মতোই কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডেই অনুষ্ঠিত হবে। পাশাপাশি তিনি আশ্বস্ত করেছেন, যাঁরা ইতিমধ্যেই টিকিট কেটে রেখেছেন, তাঁদের টিকিট নতুন তারিখেও বৈধ থাকবে।
উল্লেখ্য, কয়েক দিন আগেই লখনউয়ের এক কনসার্টে গান গাইতে গিয়ে গলা ভীষণ খারাপ থাকা সত্ত্বেও গান থামাননি সুনিধি। দর্শকের সামনে নিজের অসুস্থতার কথা জানিয়ে আবেগঘন হয়ে পড়েছিলেন তিনি, মঞ্চেই চোখে জল চলে এসেছিল গায়িকার। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়, অনুরাগীদের প্রশংসাও পান তিনি।
