লাল-সাদা শাড়িতে খাঁটি বাংলায় শপথ! ‘রুক্মিণী মল্লিক’ নামে সাংসদ হিসেবে পথচলা শুরু নায়িকা কোয়েলের

0

টলিউডের ঝলমলে আলো পেরিয়ে এবার দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে কোয়েল মল্লিক। সোমবার দিল্লির রাজ্যসভায় সাংসদ হিসাবে শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের রাজনৈতিক ইনিংস শুরু করলেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী। তবে পরিচিত নাম ‘কোয়েল’ নয়, পোশাকি নাম ‘রুক্মিণী মল্লিক’ হিসেবেই শপথ নেন তিনি। সাধু বাংলায় উচ্চারিত সেই শপথবাক্য এরমধ্যেই নজর কেড়েছে সর্বত্র।

লাল পেড়ে সাদা শাড়িতে সাদামাঠা অথচ ঐতিহ্যবাহী সাজে সংসদে উপস্থিত হন কোয়েল। রূপসজ্জার লেশমাত্র ছিল না। গলায় একটা হালকা সোনার হার। গ্ল্যামারের মোড়ক ছেড়ে যেন একেবারে অন্য এক পরিচয়ে ধরা দিলেন তিনি। তাঁর শপথ গ্রহণের মুহূর্ত অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।  যেখানে মিশ্র প্রতিক্রিয়া কোয়েল ভক্তদের। একাংশ এই নতুন যাত্রাকে স্বাগত জানালেও, কিছু জনের প্রশ্ন, এটা কি সঠিক সময় হল, এই সিদ্ধান্তের?

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার প্রার্থী হিসেবে কোয়েলের নাম ঘোষণাই ছিল বড় চমক। ৫ মার্চ মনোনয়ন জমা এবং ৯ মার্চ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়-রাজনীতির ময়দানে তাঁর উত্থান ছিল দ্রুত ও নাটকীয়। এর আগে কখনও সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি তাঁকে, ফলে এই পরিবর্তন স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়িয়েছে। মনোনয়ন জমা দেওয়ার সময় কোয়েল বলেছিলেন, ‘জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। এটা একটা গুরুদায়িত্ব। মানুষের সেবা করার সুযোগ পেলে নিজেকে ভাগ্যবান মনে করব।’ সেই কথারই বাস্তব রূপ মিলল সংসদে দাঁড়িয়ে নেওয়া শপথে। কোয়েল শপথে বলেন, ‘আমি রুক্মিণী মল্লিক, রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া, সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে, বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্তিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি, তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।’ কোয়েলের শপথ উপলক্ষে এ দিন তাঁর সঙ্গে সংসদে হাজির ছিলেন তাঁর বাবা-মা।

দীর্ঘ ২২ বছরের অভিনয় জীবনে বিতর্ক এড়িয়ে চলা কোয়েল বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেছেন। সংসার, দুই সন্তান এবং কেরিয়ারের পাশাপাশি এবার তাঁর কাঁধে যোগ হল দেশের সেবার দায়িত্ব। সিনেমার জনপ্রিয় নায়িকা থেকে জননেত্রী—এই রূপান্তর কতটা সফল হয়, এখন সেদিকেই নজর টলিপাড়া থেকে রাজনৈতিক মহল, সবার।
সাংসদ হিসেবে সোমবার শপথ গ্রহণ করলেন বাংলার পাঁচ জন সাংসদ। প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার, আইনজীবী মেনকা গুরুস্বামী, অভিনেত্রী কোয়েল মল্লিক, সঙ্গীত শিল্পী তথা প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় ও বিজেপি নেতা বিশ্বজিৎ সিনহা (রাহুল সিনহা)।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *