ভোটের আগে বাইকে লাগাম! কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের, জেনে নিন কী কী নিয়ম লাগু হল
ভোটের মুখে রাজ্যে বাইক বাহিনীর দাপট রুখতে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের আগে থেকেই জারি করা হয়েছে একাধিক কড়া নিয়ম, যাতে সাধারণ ভোটাররা নিরাপদে ভোট দিতে পারেন।
নতুন নির্দেশ অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই কোনও ধরনের বাইক র্যালি বা মিছিল করা যাবে না। শুধু তাই নয়, প্রতিদিন সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চালানোতেও থাকছে নিষেধাজ্ঞা। তবে জরুরি প্রয়োজনে, যেমন চিকিৎসা বা পারিবারিক কারণে, কিছুটা ছাড় মিলবে।
আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম, ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসানো যাবে না। যদিও স্কুল পড়ুয়া বা অসুস্থদের ক্ষেত্রে এই নিয়মে ছাড় রাখা হয়েছে। ভোটের দিনও একইভাবে নিয়ন্ত্রণ থাকবে। সেদিন শুধুমাত্র পরিবার নিয়ে ভোট দিতে যাওয়া বা জরুরি প্রয়োজনে পিছনে কাউকে নেওয়া যাবে।
কমিশন জানিয়েছে, বিশেষ দরকার হলে আগে থেকেই থানার থেকে লিখিত অনুমতি নিতে হবে। এই নিয়ম যাতে ঠিকভাবে মানা হয়, তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, ভোটের আগে অশান্তি আটকাতে আরও এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। যাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা রয়েছে, তাঁদের দ্রুত থানায় গিয়ে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। না হলে পুলিশ সরাসরি গিয়ে গ্রেপ্তার করবে। ইতিমধ্যেই প্রায় ৪ হাজার এমন ব্যক্তির তালিকা তৈরি হয়েছে।
সব মিলিয়ে, শান্তিপূর্ণ ভোট করাতেই এবার কড়া বার্তা নির্বাচন কমিশনের।
