ভোটের সূচনায় ১৬ জেলায় ১৫২ আসনে লড়াই, ফোন বন্ধ রাখা যাবে না! নির্দেশ কমিশনের
রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব ঘিরে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। বৃহস্পতিবার ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের মাধ্যমে শুরু হচ্ছে এই মহারণ। সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোট, আর এই দফাকেই ঘিরে রাজনৈতিক মহলের কৌতূহল তুঙ্গে।
শাসক তৃণমূল কংগ্রেস উন্নয়ন ও প্রশাসনিক কাজের হিসাব তুলে ধরছে, অন্যদিকে বিজেপি দুর্নীতির অভিযোগকে সামনে রেখে আক্রমণ শানাচ্ছে। দুই পক্ষের এই দ্বৈরথে প্রথম দফার ফলই অনেকাংশে পরবর্তী লড়াইয়ের সুর বেঁধে দিতে পারে। ভৌগোলিক বিস্তৃতির দিক থেকেও এই পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ি অঞ্চল থেকে সীমান্তবর্তী জেলা, চা-বাগান এলাকা থেকে জঙ্গলমহল-বিভিন্ন সামাজিক ও জাতিগত গঠনের মানুষের ভোট এখানে বড় ফ্যাক্টর। উত্তরবঙ্গের ৫৪টি আসনে বিশেষ নজর রয়েছে, কারণ গতবার সেখানে বিজেপি ভালো ফল করেছিল। অন্যদিকে সেই জমি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল।রাজ্যে পাহাড় থেকে জঙ্গলমহল পর্যন্ত বিস্তৃত এই ১৫২ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল ২০২১ এর বিধানসভা নির্বাচনে ৯৩ টি আসন জিতেছিল। বিজেপি জিতেছিল ৫৯ টি আসন। এই দফায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার ভাগ্য নির্ধারণ হতে চলেছে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী, খড়গপুর সদরে দিলীপ ঘোষ, শিলিগুড়িতে শঙ্কর ঘোষ, বহরমপুরে অধীর চৌধুরী এবং তৃণমূলের গৌতম দেব সবাই রয়েছেন চর্চার কেন্দ্রে। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের সঙ্গে শুভেন্দুর লড়াই আলাদা করে নজর কাড়ছে।
ভোটার সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লক্ষ, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা ভোটার। প্রায় ১ কোটি ৭৫ লাখ মহিলা ভোটার রয়েছেন এই পর্বে।নির্বাচন নির্বিঘ্ন করতে একাধিক কড়া নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। ভোটের দায়িত্বে থাকা আধিকারিকদের ফোন সবসময় অন রাখতে হবে, এবং তাঁদের যোগাযোগ নম্বর প্রকাশ্যে রাখতে বলা হয়েছে। ফোন বন্ধ রাখা যাবে না। নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত গুরুত্বপূর্ণ এই আধিকারিকদের কার্যকর মোবাইল নম্বর অবিলম্বে জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে আপলোড করতে এবং তা প্রার্থীদের হাতেও তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও রয়েছে। সব মিলিয়ে, প্রথম দফার এই ভোট শুধু আসনসংখ্যার হিসাব নয়, রাজ্যের রাজনীতির ভবিষ্যৎ দিশা নির্ধারণের দিক থেকেও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
