ভোট দিতে গিয়ে হিট স্ট্রোকে মৃত্যু চারজনের! তীব্র গরমে কীভাবে নিজেকে সুস্থ রাখবেন, জেনে নিন একনজরে

0

বৈশাখের দহন আর দীর্ঘ লাইনে অপেক্ষার ধকল, এই দুইয়ের চাপে প্রথম দফার ভোটেই প্রাণ হারালেন চারজন ভোটার। পটাশপুর, কেশপুর, মালতিপুর ও সিউড়িতে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতেই বিপদের আশঙ্কা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তীব্র গরম ও রোদের কারণে হৃদরোগ বা সানস্ট্রোকের জেরেই এইভাবে প্রাণ গেল মানুষের।
মৃতদের পরিচয়ও জানা গিয়েছে, পটাশপুরের নৃপেন্দ্র দাস (৫৮), কেশপুরের ইসরাতন বিবি, মালতিপুরের প্রমিলা বাগদি (৫০) এবং সিউড়ির অসীম রায় (৬৬)। মালদহের মালতিপুরে ভোটকেন্দ্রেই আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রমিলা বাগদি। সকাল ১১টা নাগাদ ভোট দিতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত বাড়িতে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সিউড়িতে ভোট দিতে যাওয়ার পথে বাড়ি তেকে ৩০০ মিটার দূরেই রাস্তায় লুটিয়ে পড়েন অসীম রায়। স্থানীয়দের উদ্যোগে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
অন্যদিকে, কেশপুরে ভোট দিয়ে বেরোনোর পরই অসুস্থ হয়ে পড়েন ইসরাতন বিবি। আর পটাশপুরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর জ্ঞান হারান নৃপেন্দ্র দাস, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
সকাল থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও বর্ধমানে গরমের তীব্রতা বাড়ছিল ঘণ্টায় ঘণ্টায়। এর জেরে ভোটের দিনেই সামনে এল ভয়াবহ ছবি।

এখনও আরও এক দফা ভোট বাকি। ভোটের উত্তাপের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে প্রকৃতির গরমও। এই গরম ও সানস্ট্রোক এড়াতে পরামর্শও দিচ্ছেন চিকিৎসকরা। যে লক্ষণগুলি সতর্ক থাকতে হবে তারমধ্যে রয়েছে, মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বলতা, বমিভাব, শরীর গরম হয়ে যাওয়া, জ্ঞান হারানো।এই উপসর্গ দেখা দিলেই দ্রুত ছায়াযুক্ত স্থানে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করা জরুরি।

দেখে নিন কীভাবে নেবেন সতর্কতা
তীব্র গরমে বাইরে বেরোতে হলে কিছু নিয়ম মানার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা—
১) জল খেতে হবে  নিয়মিত: নিয়মিত জল, ওআরএস, ডাবের জল বা লেবুর জল পান করুন।

২) রোদ এড়িয়ে চলুন: দুপুর ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদে না বেরোনোই ভাল। বেরলেও সূর্য এড়াতে ছাতা, টুপি, মাথায় গামছা বা তোয়ালে ব্যবহার দরকার। 

৩) হালকা পোশাক পরুন: সুতির, ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক ব্যবহার করুন।

৪) খালি পেটে বাইরে নয়: বেরোনোর আগে হালকা খাবার খেয়ে নিন।

৫) বয়স্ক ও অসুস্থদের বিশেষ নজর: হৃদরোগ, ডায়াবেটিস বা উচ্চরক্তচাপ থাকলে বেশি সতর্ক থাকতে হবে।

৬) দীর্ঘক্ষণ লাইনে না দাঁড়ানো: সম্ভব হলে ছায়ায় অপেক্ষা করুন বা সময় বেছে বেরোন।

তীব্র গরমে নির্বাচন শুধু গণতান্ত্রিক উৎসব নয়, হয়ে উঠছে শারীরিক পরীক্ষাও। তাই চিকিৎসকদের পরামর্শ, সচেতন থাকুন, সতর্ক থাকুন, তাহলেই এড়ানো সম্ভব সানস্ট্রোকের ঝুঁকি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *