প্রচন্ড গরমে অসুস্থ দেব,তবুও প্রচারযুদ্ধে অদম্য তৃণমূল সাংসদ
শুরু হয়ে গিয়েছে গণতন্ত্রের বড় উৎসব।সঙ্গে শুরু হয়ে গিয়েছে প্রার্থীদের শেষ প্রচারের তোড়জোড়ও।দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখেই আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছেন বিভিন্ন দলের প্রচারক।অন্যথা হয়নি তৃণমূল সাংসদ দেবের ক্ষেত্রেও।নির্বাচনের একটানা প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেতা তথা সাংসদ। এর মাঝেই ঘটে বিপত্তি।শুক্রবার প্রচারে বেরোনোর আগেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ দেব।
সূত্রের খবর,প্রচন্ড গরমে ব্যস্ত প্রচারসূচির মাঝেই শুক্রবার সকালে বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছন দেব। সেখান থেকে হেলিকপ্টারে চড়ে একাধিক প্রচার সভায় যাওয়ার কথা ছিল তাঁর। তবে রওনা দেওয়ার আগেই হঠাৎ শরীর খারাপ অনুভব করেন অভিনেতা-সাংসদ।মাথা ঘোরা ও দুর্বলতা অনুভব করেন তিনি।সঙ্গে সঙ্গে তাঁর রক্তচাপ পরীক্ষা করা হয়। পরীক্ষার পর দেখা যায় স্বাভাবিকের চেয়ে কম ছিল রক্তচাপ।যার জেরেই অসুস্থ হয়ে পড়েন দেব। তবে থেমে থাকেননি তিনি।অসুস্থতার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার নিজের কর্মসূচির জন্য রওনা দেন তিনি।জানা যায়,শুক্রবার তাঁর রানাঘাট,মথুরাপুর ও ঘটকপুকুর এলাকায় প্রচারের কথা ছিল।
উল্লেখ্য,গত কয়েকদিন ধরেই নির্বাচনের প্রচারে ছুটতে হয়েছে দেবকে।তাই অনিয়মিত জীবনযাপন চলছিল অভিনেতার।নিত্য খাওয়া ও বিশ্রাম ঠিকমতো হচ্ছিল না বলেই এই সংকট।বৃহস্পতিবার থেকেই প্রচারের চাপ ও তীব্র গরম মিলিয়েই এই শারীরিক অসুস্থতা।তবে আপাতত তিনি সুস্থ আছেন বলেই জানা যাচ্ছে।
