‘বোনের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে’, কেন ওম পুরির বিরুদ্ধে ক্ষোভ অন্নু কাপুরের?
বলিউডের প্রখ্যাত অভিনেতা ওম পুরির ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থেকেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বোন সীমা কাপুরের সঙ্গে ওম পুরির সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা অন্নু কাপুর। তাঁর দাবি, ওম পুরি একজন অসাধারণ অভিনেতা হলেও, ব্যক্তিগত জীবনে তিনি তাঁর বোনের সঙ্গে অন্যায় করেছিলেন।
অভিনেতা আরও জানান, জীবনের কঠিন সময়ে দীর্ঘদিন ওম পুরির পাশে ছিলেন তাঁর বোন সীমা। এমনকি অন্নুর দাবি, সীমার যত্ন ও সেবার কারণেই অভিনেতা আরও কয়েক বছর বেঁচে ছিলেন। অন্নু বলেন, “আমার বোন না থাকলে উনি আরও আগেই চলে যেতেন। অসুস্থ হয়ে পড়ার পর আবার বোনের কাছেই ফিরে এসেছিলেন। তখন আমি বোনের উপরেই রেগে গিয়েছিলাম”।
তবে অতীতের তিক্ততা সত্ত্বেও বর্তমানে আর কোনও বিদ্বেষ পোষণ করেন না বলেই জানিয়েছেন অন্নু। তিনি বলেন, আজও তিনি ওম পুরির ছেলে ও প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরির জন্য প্রার্থনা করেন। তবে তাঁর আক্ষেপ একটাই, “বোনের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে।”
উল্লেখ্য, ১৯৯১ সালে বিয়ে করেছিলেন ওম পুরি ও সীমা কাপুর। কিন্তু সেই সম্পর্ক খুব বেশিদিন টেকেনি। ব্যক্তিগত মতভেদের জেরে বিয়ের মাত্র ৮ মাসের মধ্যেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। সেই সময় ওম পুরি সাংবাদিক নন্দিতা পুরির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। এমনকি, বিচ্ছেদের সময় সীমা কাপুর তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানা যায়। পরবর্তীতে তিনি জানিয়েছিলেন, সেই সন্তান বাঁচেনি। এরপর ১৯৯৩ সালে নন্দিতা পুরিকে বিয়ে করেন ওম পুরি। তাঁদের একটি সন্তানও রয়েছে। যদিও পরবর্তীকালে তাঁদের দাম্পত্যেও বিচ্ছেদ ঘটে।
তবে জীবনের শেষ সময়ে এসে ওম পুরি সীমার কাছে ক্ষমা চেয়েছিলেন বলেই জানা যায়, এবং তিনি ক্ষমাও করে দেন। শেষদিকে অসুস্থতা এবং মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছিলেন ওম পুরি, যা তাঁকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। ২০১৭ সালে প্রয়াণ ঘটে ওম পুরির।
