সাদা পাঞ্জাবিতে জিৎ সঙ্গে প্রসেনজিৎ, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত কোন কোন তারকা ?
বঙ্গে ফুটেছে পদ্মফুল।ঘাসফুলকে অতীত করে বইছে গেরুয়া ঝড়। তবে পালাবদলের আবহ শুধু রাজনীতিতেই নয়,চলছে টলিপাড়ার অন্দরেও।শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী।তবে শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক তারকা।কৌতূহল ছিল কোন তারকাদের দেখা যাবে। নতুন সরকার বদলের গন্ধ পেয়েই মুহূর্তেই রদবদল করতে দেখা যায় একাধিক তারকাকে।এইদিন দর্শকাসনে একসঙ্গে দেখা গেল ইন্ডাস্ট্রির ‘জেষ্ঠ্যপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,জিৎ,যিশু সেনগুপ্ত,মমতাশঙ্কর ,পন্ডিত অজয় চক্রবর্তী, কৌশিক রায়, কৌশিক চক্রবর্তী, ঋষি কৌশিক, জয়ব্রত দাস,পায়েল সরকার -সহ বহু পরিচিত মুখকে। মঞ্চে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী ও রুপা গঙ্গোপাধ্যায়। নতুন সরকারের শপথ গ্রহণ নিয়ে কী বলছেন তারকমহল?
বিজেপির ঐতিহাসিক জয়ের পর শনিবার আয়োজিত এই শপথ অনুষ্ঠান ঘিরে ছিল কড়া নিরাপত্তা।উৎসবের মেজাজ নিয়ে মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মঞ্চের পাশেই জায়গা করেছিলেন তারকারা।শুভেন্দুর শপথগ্রহণের আবহে মমতাশঙ্কর বলেন,“অন্য অনুভূতি।সকলের মধ্যেই একটা খুশির ঝলক দেখছি।খুব আশা রাখছি। শুধু বাংলার নয়,সকল ভারতবর্ষের ভাল হোক। সব ধর্ম সব ধর্মকে ভালবাসুক।আবার স্বাধীন হলাম।” এইদিনে পরিচালক জয়ব্রত দাস ,”বাংলায় এক নতুন যুগের শুরু হতে দেখলাম।মানুষ যে পরিবর্তনের আশায় সরকার বদল করেছেন,তা যেন পূরণ হয়। টলিউডেও নতুনের সূচনা হোক সঙ্গে।একটা সময় সবাইকে খুব ভয়ে কাজ করতে দেখেছি।এবার চাই ভয়মুক্ত টলিউড দেখতে।”
অন্যদিকে,সকলকে চমক দিয়ে শপথগ্রহনের আবহে জিৎ বলেন,”খুব ভাল অনুভূতি।”টলিউডের ঝলমলে দুনিয়ায় তিনি বরাবরই নিজের ছন্দে চলেন। বিতর্ক এড়িয়ে, রাজনৈতিক মেরুকরণ থেকে দূরে থেকেই তৈরি করেছেন নিজের আলাদা জায়গা। এইদিন সাদা পাঞ্জাবি, চোখে কালো রোদচশমা পরে দেখা গেল অভিনেতাকে।গত কয়েক বছরে টলিউডের অন্দরে একের পর এক বিতর্ক, ক্ষমতার দ্বন্দ্ব বা সংগঠনগত টানাপড়েন দেখা গেলেও প্রকাশ্যে আসেনি তিনি।
উল্লেখ্য,অবশ্য অভিনয় জগত থেকে রাজনীতিতে যোগ দেওয়ার ঘটনা নতুন নয়। টলিপাড়ার বহু পরিচিত মুখ আগে থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত।তৃণমূলের বড় পরাজয়ের পর রাজনৈতিক সমীকরণ বদলেছে রাজ্যে। আর সেই পালাবদলের হাওয়াতেই রদবদল করতে দেখা যাচ্ছে টলিপাড়ার একাধিক শিল্পীকে।
