যেন এক সন্তানের প্রণাম ! ব্রিগেডে ৯৮ বছরের মাখনলাল সরকারকে জড়িয়ে ধরলেন মোদী
ব্রিগেডের মঞ্চে তখন ইতিহাস লেখা হচ্ছে। বাংলায় প্রথম বিজেপি সরকারের শপথ, হাজার হাজার মানুষের উল্লাস, দেশজোড়া রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতি- সব কিছুর মধ্যেও আচমকা যেন সময় থমকে গেল কয়েক সেকেন্ডের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এগিয়ে গিয়ে ঝুঁকে পড়লেন এক প্রবীণ মানুষের সামনে। তারপর পা ছুঁয়ে প্রণাম। মুহূর্তেই স্তব্ধ ব্রিগেড।যাঁকে প্রণাম করলেন প্রধানমন্ত্রী, তিনি কোনও মন্ত্রী নন, কোনও ক্ষমতাবান রাজনৈতিক মুখও নন। তারকাও নন। তিনি ৯৮ বছরের মাখনলাল সরকার। শিলিগুড়ির এক প্রবীণ সংগঠক, এক বিস্মৃত সংগ্রামের জীবন্ত ইতিহাস।

মঞ্চে বসে থাকা বৃদ্ধ মানুষটির চোখে তখন জল। মোদি তাঁকে জড়িয়ে ধরলেন, উত্তরীয় পরালেন, কিছুক্ষণ কথা বললেনও। রাজনীতির কোলাহলের মাঝেও সেই দৃশ্য যেন হঠাৎ মানবিকতার এক অন্য আলো ফেলল ব্রিগেডের ওপর।আজকের প্রজন্মের অনেকেই হয়তো নাম জানেন না মাখনলাল সরকারের। অথচ বাংলায় জনসংঘ-বিজেপির শিকড় গড়ে তোলার নেপথ্যে ছিলেন এই মানুষটাই। ১৯৫২ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীর অভিযানে তাঁর সফরসঙ্গী ছিলেন তিনি। তেরঙ্গা উত্তোলনের আন্দোলনে অংশ নিয়ে গ্রেফতারও হয়েছিলেন।
আরও এক গল্প আজও ঘোরে বিজেপির পুরনো কর্মীদের মুখে। দেশাত্মবোধক গান গাওয়ার অপরাধে একসময় দিল্লি পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। ক্ষমা চাইতে বলা হয়েছিল। তিনি মাথা নোয়াননি। আদালতে বিচারক উল্টে তাঁকেই সেই গান গাইতে বলেন। গান শুনে বিচারক নাকি তাঁকে মুক্তি দিয়ে প্রথম শ্রেণির কামরায় বাড়ি ফেরার নির্দেশ দিয়েছিলেন। হাতে তুলে দিয়েছিলেন ১০০ টাকাও। সেই মানুষটাই শনিবার ব্রিগেডের মঞ্চে নীরবে বসেছিলেন। কোনও আলোচনার কেন্দ্রে ছিলেন না। কিন্তু প্রধানমন্ত্রী তাঁর সামনে মাথা নত করতেই যেন সামনে উঠে এল এক দীর্ঘ রাজনৈতিক যাত্রার ইতিহাস- যেখানে ক্ষমতার চেয়ে বড় ছিল বিশ্বাস, আদর্শ আর লড়াই।

১৯৮০ সালে বিজেপি গঠনের পর উত্তরবঙ্গে সংগঠন তৈরির দায়িত্বও কাঁধে তুলে নিয়েছিলেন মাখনলাল সরকার। পশ্চিম দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় ঘুরে ঘুরে সংগঠন গড়েছেন। যখন বাংলায় বিজেপির অস্তিত্বই প্রায় ছিল না, তখনও তিনি পতাকা হাতে রাস্তায় থেকেছেন।তাই বাংলায় প্রথম বিজেপি সরকারের শপথমঞ্চে মোদীর সেই প্রণাম কেবল একজন প্রবীণ নেতাকে সম্মান জানানো নয়, অনেকের চোখে তা ছিল এক প্রজন্মের আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়ার মুহূর্ত।
