মহিলাদের জন্য বড় ঘোষণা! জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসেও মিলবে ফ্রি যাত্রা

0



শুরু থেকেই যেন টি২০ মেজাজ। যেমন কথা, তেমন কাজ। বিজেপির নেতারা কথা দিয়েছিলেন, ভোটে জিতলে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করবে। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম দিন নবান্নে এসেই কথা রাখলেন শুভেন্দু অধিকারী। আগামী ১ জুন থেকেই চালু হচ্ছে বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। পাশাপাশি সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে আসে। একইসঙ্গে জুন মাস থেকেই রাজ্যে চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্পও। সূত্রের খবর, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পাঠানো হবে। তবে এই সুবিধা পেতে কী কী শর্ত মানতে হবে, তা এখনও বিস্তারিতভাবে জানানো হয়নি। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন যাঁরা, নিয়মিত সরকারি চাকরিজীবী, আয়করদাতা অথবা যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সংযুক্ত নয়, তাঁরা এই প্রকল্পের আওতায় নাও আসতে পারেন।
অন্যদিকে, মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি যাত্রার সিদ্ধান্তকেও বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জুন মাস থেকেই সরকারি বাসে উঠলে কোনও ভাড়া দিতে হবে না মহিলাদের। দৈনন্দিন যাতায়াতে এই সিদ্ধান্ত রাজ্যের বহু কর্মজীবী ও সাধারণ মহিলাদের আর্থিকভাবে স্বস্তি দেবে বলেই মনে করছে প্রশাসনের একাংশ। এদিন নবান্নে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, আগের সরকারের কোনও সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না। তাঁর কথায়, ‘৩০ বছর আগের হোক বা ১০ বছর আগের, কোনও সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না।’ ফলে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী বা যুবসাথীর মতো প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটল বলে মনে করা হচ্ছে।
তবে পুরনো প্রকল্পগুলি আগের নামেই চলবে, নাকি নতুন প্রকল্পের সঙ্গে জুড়বে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। একইসঙ্গে কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারতও রাজ্যে চালু করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যদিও কারা এই স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন, তার নির্দিষ্ট নিয়ম এখনও সামনে আসেনি। মুখ্যমন্ত্রীর আরও দাবি, নতুন সরকার প্রশাসনে ‘পেপারলেস’ পদ্ধতির উপর জোর দেবে এবং প্রকল্পগুলিতে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নজর দেওয়া হবে। মৃত ব্যক্তির নামে যাতে কোনও সরকারি সুবিধা না যায়, তা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনকে। সরকার গঠনের পরেই সামাজিক সুরক্ষাকে সামনে রেখে একের পর এক জনমুখী ঘোষণা করে বড় বার্তা দিতে চাইছে শুভেন্দু অধিকারী সরকার। বিশেষ করে মহিলা ভোটব্যাঙ্ককে লক্ষ্য করেই অন্নপূর্ণা ভাণ্ডার ও ফ্রি বাসযাত্রার মতো প্রকল্পকে দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেই মত অধিকাংশের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *