‘মনে হচ্ছে সময় থেমে গিয়েছে’,৩৬ বছর পরে রাজ-সিমরনের ‘আইকনিক’ রেললাইন নিয়ে কী দাবি অনুপমের?

0



বলিউড মানেই প্রেম।সেই প্রেমের কথা বলতে গেলে প্রথমেই আসে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর নাম। তিন দশকের বেশি সময় পেরিয়ে গেলেও ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ আজও ভারতীয় সিনেমাপ্রেমীদের কাছে এক আলাদা আবেগ ও ভালবাসার প্রতীক। রাজ-সিমরনের প্রেম, ট্রেনের সেই বিখ্যাত দৃশ্য এখনও দর্শকের মনে একইরকম তাজা। আর সেই ছবিরই এক ঐতিহাসিক শুটিং স্থানে ৩৬ বছর পর ফিরে আবেগঘন হয়ে পড়লেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।

সম্প্রতি মহারাষ্ট্রের ‘আপটা’ রেলওয়ে স্টেশনের কাছের সেই বিখ্যাত রেললাইনে যান অনুপম খের।১৯৮৯ সালে ‘যা সিমরান যা,জিলে আপনি জিন্দেগি’-এর মতো বহু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হয়েছিল সেই স্থানে। বহু বছর পর একই জায়গায় দাঁড়িয়ে যেন তিনি আবার অতীতে ফিরে গেলেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিয়োতে অভিনেতাকে বলেন, “৩৬ বছর পর আবার এখানে ফিরে এলাম।মনে হচ্ছে যেন সময় থমকে গিয়েছে। এত স্মৃতি,এত আবেগ ভাষায় প্রকাশ করা খুব কঠিন।”

ভিডিয়োতে চারপাশ দেখাতে দেখাতে অনুপম খের জানান, এই রেল স্টেশন শুধুমাত্র একটি শুটিং স্পট নয়।এখানেই তৈরি হয়েছিল শাহরুখ খান ও কাজল অভিনীত রাজ্-সিমরানের অন্যতম স্মরণীয় কিছু মুহূর্ত। শুধু তাই নয়,রাজ-সিমরনের প্রেমকাহিনি আজও বহু দর্শকের হৃদয়ে একইরকম অমলিন।অনুপম খেরের মতে, বিদেশে বহু জনপ্রিয় সিনেমার শুটিং লোকেশনকে সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। সেই জায়গাগুলিতে প্রতিদিন অসংখ্য পর্যটক ভিড় জমান শুধুমাত্র সিনেমার স্মৃতিগুলিকে  অনুভব করার জন্য। অথচ ভারতে এত সমৃদ্ধ চলচ্চিত্র ইতিহাস থাকা সত্ত্বেও ‘ফিল্ম ট্যুরিজম’ সেই অর্থে তেমন বিকাশ হয়নি। তাই সরকারকে ‘ডিডিএলজে’-এর মতো কালজয়ী ছবির সঙ্গে জড়িয়ে থাকা এই রেললাইনকে ‘বলিউড হেরিটেজ স্পট’ হিসেবে তৈরি করার আবেদন জানান অভিনেতা।

অনুপম খের বলেন,“যদি এই জায়গাটিকে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়, তাহলে দেশ-বিদেশের অসংখ্য সিনেমাপ্রেমী এখানে আসতে চাইবেন। এতে যেমন ভারতীয় সিনেমার ঐতিহ্যকে সম্মান জানানো হবে, তেমনই স্থানীয় মানুষেরও উপকার হবে।” এছাড়াও তিনি প্রয়াত কিংবদন্তি পরিচালক যশ চোপড়াকে স্মরণ করে জানান,যশ চোপড়ার সিনেমা শুধুমাত্র বিনোদন নয়, মানুষের আবেগ ও স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। তাঁর ছবির প্রতিটি লোকেশন আজও দর্শকের মনে আলাদা জায়গা করে রেখেছে।

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই ব্যাপক সাড়া পড়ে নেটিজেনদের মধ্যে।উল্লেখ্য,১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-তে ‘রাজ’-এর বাবার চরিত্রে অনুপম খেরকে দেখা যায়। ছবিটি ছিল রাজ-সিমরানের প্রেমকাহিনীকে নিয়ে,যারা ইউরোপে ভ্রমণ করতে গিয়ে প্রেমে পড়ে। ছবিটি ব্যাপকভাবে বাণিজ্যিক সাফল্যও অর্জন করে। ১০ টি ফিল্মফেয়ার পুরস্কার জেতে এবং ৩০ বছরেরও বেশি সময় ধরে মুম্বইয়ের মারাঠা মন্দিরে ছবিটি প্রদর্শিত হয়। আর সেই ছবির স্মৃতি বুকে নিয়েই ৩৬ বছর পর ফের একই রেললাইনে দাঁড়িয়ে যেন অতীতের আবেগে ভাসলেন অনুপম খের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *