‘এবার বাঁচালাম ,প্রতিবার পারব না’,ভক্তের কাণ্ডে বিরক্ত সোনু, কী করলেন?

0



লাইভ কনসার্টে শিল্পীদের সঙ্গে অনুরাগীদের আবেগঘন মুহূর্ত নতুন কিছু নয়। তবে অনেক সময় সেই উচ্ছ্বাসই নিরাপত্তার সীমা ছাড়িয়ে যায়। এবার এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। মহারাষ্ট্রের কোলহাপুরে তাঁর সাম্প্রতিক কনসার্ট চলাকালীন আচমকাই এক ভক্ত মঞ্চে উঠে পড়েন। যদিও পুরো পরিস্থিতি অত্যন্ত শান্ত ও সংযতভাবেই সামলে নেন গায়ক। তবুও ঘটনাটি নিয়ে পরে সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কী বললেন গায়ক?
এই ঘটনার একদিন পর ইনস্টাগ্রামে কনসার্টের একটি ভিডিয়ো ভাগ করে নেন  সোনু। ক্যাপশনে তিনি লেখেন, “কিউঁ পিটনে ওয়ালে কাম করতে হো অডিয়েন্স? ইস বার তো বচা লিয়া, হার বার নেহি বাঁচা পাউঙ্গা।” অর্থাৎ, “এমন কাজ কেন করো যাতে মার খেতে হয়? এবার বাঁচালাম, কিন্তু প্রতিবার হয় তো পারবো না।” ভিডিয়োতে দেখা যায়, সোনু নিগম মঞ্চে জনপ্রিয় গান গাইছিলেন। হঠাৎই সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি মঞ্চে উঠে তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করেন। আচমকা এই ঘটনায় গান থামিয়ে খানিক পিছিয়ে যান গায়ক। এরপর ব্যাঙ্গের সুরে বলেন, “ওয়াহ! শাবাশ!” নিরাপত্তারক্ষীরা দ্রুত ওই ব্যক্তিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও, সোনু নিগম পরিস্থিতি উত্তপ্ত হতে দেননি। বরং তিনি ভক্তকে মাইক্রোফোন হাতে দিয়ে কয়েক লাইন গান গাওয়ার সুযোগও দেন। ওই ব্যক্তি তখন কিছু গানের অংশ গেয়ে শোনান। পরে তিনি চিৎকার করে বলেন, “কোলহাপুর লাভস ইউ।”

তবে পুরো ঘটনার পর সোনুকে  কিছুটা অস্বস্তিতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর সেই ভক্ত নিজেই সোনুর পোস্টটি শেয়ার করে ধন্যবাদ জানান। ঘটনার পর বহু নেটিজেন সোনু নিগমের ধৈর্য ও সংযমের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “যেভাবে উনি পরিস্থিতি সামলেছেন, তা সত্যিই প্রশংসনীয়।” আবার অনেকেই মনে করিয়ে দিয়েছেন, এমন ঘটনা শিল্পীর পারফরম্যান্সের ছন্দ নষ্ট করে এবং ভবিষ্যতে আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে।উল্লেখ্য, চলতি বছরে গায়ক আতিফ আসলাম, জ্যাসমিন স্যান্ডেলস এবং সুনন্দা শর্মা-র কনসার্টেও অতিউৎসাহী অনুরাগীদের নিয়ে একই ধরনের ঘটনা সামনে এসেছিল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *