চুপিসারে আশীর্বাদ সারলেন সৌরভ-শুভস্মিতা? টলিপাড়ায় জোর বিয়ের জল্পনা
টেলিপাড়ায় আবারও জোর গুঞ্জন!পর্দায় ‘দীপ’ এবং ‘ঝাঁপি’র রসায়ন দর্শকের মন জিতেছিল আগেই। গত কয়েক মাসে সেই সম্পর্কের গুঞ্জন যেন বাস্তব জীবনেও আরও জোরালো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে কাটানো মুহূর্ত, আদুরে পোস্ট আর ঘনিষ্ঠ ছবিকে কেন্দ্র করে বারবার উঠেছে প্রেমের জল্পনা। যদিও দু’জনেই এতদিন সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি, তবে সকলের নজরের আড়ালেই নাকি সেরে ফেলেছেন আশীর্বাদের অনুষ্ঠান। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— তাহলে কি এবার বিয়ের পালা?
সূত্রের খবর, গত ১০ মে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে একেবারে ঘরোয়া পরিবেশেই আশীর্বাদ পর্ব সম্পন্ন হয়েছে সৌরভ ও শুভস্মিতার। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। তবে টেলিপাড়ার অন্দরের দাবি, ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক শেষ হওয়ার পরই নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন তাঁরা।
উল্লেখ্য, ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের সুবাদেই জুটি হিসেবে জনপ্রিয়তা পান সৌরভ-শুভস্মিতা। পর্দায় তাঁদের মিষ্টি রসায়ন খুব কম সময়ের মধ্যেই দর্শকের মন জয় করে নেয়। সেই জনপ্রিয়তাই ধীরে ধীরে বাস্তব জীবনের সম্পর্ক নিয়েও কৌতূহল বাড়িয়েছে অনুরাগীদের মধ্যে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে নিয়ে পোস্ট, একসঙ্গে সময় কাটানোর নানা ঝলক বারবার উসকে দিয়েছে প্রেমের জল্পনা।এবার আশীর্বাদের গুঞ্জনে সেই জল্পনাই যেন আরও একধাপ এগিয়ে গেল।
