‘ইমপা’-র পর ফের একই চিত্র! টেকনিশিয়ান স্টুডিয়োতে গঙ্গাজলে ‘শুদ্ধিকরণ’ বিধায়ক পাপিয়া অধিকারীর
‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন’ অর্থাৎ ‘ইমপা’-র পর এবার টেকনিশিয়ান স্টুডিয়োতেও দেখা গেল গঙ্গাজল দিয়ে শুদ্ধিকরণের ছবি। রাজ্যে পালাবদলের পরপরই একদল প্রযোজক ও পরিচালকেরা ইমপা অফিসে গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ করেন।তাঁদের দাবি ছিল পিয়া সেনগুপ্তের পদত্যাগ।কিন্তু সেই মানচিত্র এবার টেকনিশিয়ান স্টুডিয়োতে।বুধবার সকালবেলা টেকনিশিয়ান স্টুডিয়োতে গঙ্গাজল দিয়ে ‘শুদ্ধিকরণ’ করেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। শুদ্ধিকরণের সময় উপস্থিত ছিলেন পাপিয়া অধিকারী,মুমতাজ সরকার সহ অনেকেই।
স্টুডিয়োয় দাঁড়িয়ে অভিনেত্রী মুমতাজ সরকার বলেন,”আপনারা পর্দার সামনে আসেন না,কিন্তু আপনারাই আসল যোদ্ধা।দিনের পর দিন রোদে দাঁড়িয়ে ,ঝলসে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে কাজটাকে এগিয়ে নিয়ে যান। আমরা তাও এসি ঘরে ঢুকতে পারি,কিন্তু আপনারা সেটাও পারেন না। যখন মনে হয় আর পারছি না তখন আপনাদের দেখে মনে হয় আপনারা পারলে আমরা কেন পারবো না ?আজকে পাপিয়াদি এসেছে ,পাপিয়াদি সব জানে,সব দেখেছে। তাই আমার একটাই অনুরোধ পাপিয়াদির কাছে, ভুলগুলোকে উধাও করে দাও।” মুমতাজ জানান,এই ইন্ডাট্রিতে তিনিও একজন পরিযায়ী শ্রমিক কিন্তু তাঁকেও ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে।তিনি বলেন,”আমাকেও বছরের পর বছর কলকাতায় কাজ দেওয়া হয়নি।২০০৫ থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছি কিন্তু বেশ কিছু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ পাই না। কাজ দেওয়া হয় না।”
উল্লেখ্য,বঙ্গের মসনদে বিজেপি আসার পর থেকে টলিপাড়ার অন্দরে পড়েছে বিশাল প্রভাব ।এমনকি সামনে এসেছে ‘বিশ্বাস-ব্রাদার্স’- সহ একের পর এক অত্যাচার,ব্যান কালচারের ঘটনা।তবে টালিগঞ্জ অরূপ বিশ্বাসকে হারানোর পর আশ্বাস পেয়েছে বহু শিল্পী। পাপিয়া অধিকারীর মতে ,টলিপাড়ার অন্দরে বন্ধ হবে ব্যান কালচার।এছাড়াও তিনি সবাইকে স্বাধীনভাবে কাজ করার বার্তাও দিয়েছেন। এবার টেকনিশিয়ান স্টুডিয়ো শুদ্ধিকরণের পর তিনি আবার নতুন করে শুরুর বার্তাই দিলেন বলে মনে করা হচ্ছে।
