রাজসিংহাসনে দেব,২৫ মে কী হতে চলেছে ?শোরগোল ভক্তমহলে
যার ছবি মুক্তি মানেই বাংলাজুড়ে উৎসবের আবহ।প্রেক্ষাগৃহের বাইরে উপচে পড়া ভিড় ,সঙ্গে ভক্তদের উন্মাদনা।তবে এবার আরও এক চমক নিয়ে হাজির।রবিবাসরীয় সকালে একেবারে রাজকীয় অবতারে ছবি পোস্ট করে সকলকে রীতিমত তাকে লাগিয়ে দিলেন সুপারস্টার দেব। ছবি দেখেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা।
রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন পর্দার সুপারস্টার।পরনে ঘিয়ে রঙের তসরের পাঞ্জাবি ও ধুতি।মাথায় রাজকীয় পাগড়ি,সঙ্গে মোটা গোঁফে যেন একেবারে অন্য মানুষ।বিশাল কাঠের সিংহাসনসদৃশ চেয়ারে বসে থাকা দেবকে দেখে ভক্তদের দাবি,এ যেন কোনও রাজ্যের মহারাজা।ছবি পোস্ট করে অভিনেতা লেখেন,”একদম নতুন অবতারে দেখা হবে ২৫ মে।” তবে কি ‘দেশু ৭’-এর পাশাপাশি অন্য কোনও চমক ? প্রশ্ন উঠেছে ভক্তমহলে।কেউ আবার মন্তব্য করে লিখেছেন,”বক্স অফিস কিং”,আবার কেউ লিখেছেন,”এটা কি দেশু ৭-এর লুক ?”যদিও সূত্রের খবর,এগুলির কোনওটাই নয়।জানা গিয়েছে,একটি বিজ্ঞাপনের শুটিং সেরেছেন তিনি।
বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত অভিনেতা।সম্প্রতি,’দেশু ৭’-এর শুটিংও শুরু করেছেন তিনি।ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়-কে।এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে।তবে এবার শুধু অভিনয় নয় ,ছবির পরিচালনা ও চিত্রনাট্যের দায়িত্বও সামলাচ্ছেন তিনি নিজেই।এছাড়াও তাঁর আরেক আসন্ন ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র ডাবিং সেরেছেন তিনি।পাশাপাশি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র সঞ্চালনার দায়িত্ব নিতে দেখা যাবে তাঁকে।যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
