‘ছেলেরা রাত ৩ টের সময় ঘুম থেকে তুলে খারাপ অভিনয় দেখাত”,কেন এমন বললেন নাসিরুদ্দিন ?
নিজের ব্যতিক্রমী অভিনয়ের জন্য বরাবরই আলাদা পরিচিতি তৈরি করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ।গত কয়েক দশকে বহু প্রশংসিত চরিত্র দর্শককে উপহার দিয়েছেন অভিনেতা।নিজের ভুল বা খারাপ কাজ নিয়েও অকপটে কথা বলতে পিছপা হন না তিনি।সম্প্রতি,ইমতিয়াজ আলি পরিচালিত তাঁর আগামী ছবি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’-র ট্রেলার মুক্তিতে উপস্থিত ছিলেন নাসিরুদ্দিন।তবে অনুষ্ঠানের মাঝেই ভাগ করলেন নিজের অভিনয় জীবনের গোপন কথা। কী এমন বললেন কিংবদন্তি অভিনেতা ?
মুম্বইয়ে আয়োজিত অনুষ্ঠানে ছবির পরিচালক ইমতিয়াজ আলি-র সঙ্গে মঞ্চ ভাগ করে নেন নাসিরুদ্দিন শাহ।অনুষ্ঠানে নিজের অভিনয় জীবন নিয়ে কথা বলতে গিয়ে আত্মসমালোচনা করেন অভিনেতা।তিনি বলেন,”একজন অভিনেতার সাফল্যের আসল কৃতিত্ব চিত্রনাট্যকার ও পরিচালকের।লেখা যদি শক্তিশালী না হয়,তাহলে বিশ্বের সেরা অভিনেতাও কিছু করতে পারবেন না। আমিও নিজের কয়েকটি ছবিতে খুব খারাপ অভিনয় করেছি।আমার ছেলেরা রাত ৩ টের সময় আমাকে ঘুম থেকে তুলে সেইসব ছবির দৃশ্য দেখায়।তখন আমার মনে হয় ,এগুলো দেখার চেয়ে ঘুমানোই ভাল।”শুধু তাই নয়,ইমতিয়াজ আলির প্রশংসাও করেন তিনি।তাঁর কথায়,ইমতিয়াজ অভিনেতাদের সঙ্গে অত্যন্ত ভালবাসা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করেন।তাঁর মতে,এমন পরিচালক খুব কম আছেন ,যাঁরা শুধুমাত্র অভিনেতার অভিনয় আরও নিখুঁত করার জন্য রিটেক নেন।
অন্যদিকে,ইমতিয়াজ আলিও প্রথমবার নাসিরুদ্দিন শাহর সঙ্গে দেখা করার অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি বলেন,”প্রথমবার অভিনেতার বাড়িতে যাওয়ার আগে আমাকে সাবধান করে দেওয়া হয়েছিল তিনি নাকি ভীষণ গম্ভীর এবং কঠোর স্বভাবের।”কিন্তু বাড়িতে গিয়ে তিনি দেখেন পুরো বিপরীত চিত্র।অতিথিদের ঠিকমতো চা দেওয়া হচ্ছে কিনা ,তা নিয়েই বেশি ব্যস্ত ছিলেন নাসিরুদ্দিন।তখনই তাঁর মনে হয় ,এত বড় মাপের অভিনেতা হয়েও তিনি ভীষণ সহজ-সরল মানুষ।উল্লেখ্য,’ম্যায় ওয়াপাস আউঙ্গা’ আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।ছবিতে অভিনয় করেছেন শর্বরী,বেদাঙ্গ রায়না এবং দিলজিৎ দোসাঞ্জ।
