‘শুধু তোমারই জন্য’-র সেটে দুর্ঘটনা! কী ঘটল অভিনেতা শুভ্রজিৎ সাহার সঙ্গে?
ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’ দর্শকের কাছে বেশ জনপ্রিয়। প্রতিদিনই গল্পে আসছে নতুন চমক। বর্তমানে ধারাবাহিকে শুভ্রজিৎ ওরফে ‘রাহুল’-এর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে।সেই চোট নিয়েই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার লড়াই চালাচ্ছে সে। তবে পর্দার কঠিন পরিস্থিতি যেন নিমিষেই বদলে গিয়েছে বাস্তবে।শুটিং চলাকালীন আচমকাই সেটে গুরুতর আহত শুভ্রজিৎ সাহা।পড়ে গিয়ে ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ল অভিনেতার।
অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা মিত্র জানিয়েছেন,ঘটনাটি ঘটে শুক্রবার শুটিং চলাকালীন।শুটিং করতে করতেই আচমকা ভারসাম্য হারিয়ে পড়ে যান শুভ্রজিৎ।পুরো শরীরের চাপ গিয়ে পড়ে তাঁর ডান পায়ের উপরেই।গুরুতর চোট পেলেও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি অভিনেতা।প্রবল যন্ত্রণা নিয়েও কোনও রকমে শুটিং শেষ করেন অভিনেতা।কিন্তু সময় যত গড়াতে থাকে,তত ফুলতে শুরু করে পা। অসহ্য ব্যথায় কাতর হয়ে শেষমেশ স্ত্রীকে খবর দেন অভিনেতা।সৌভাগ্যবশত প্রিয়াঙ্কার সেদিন কোনও কাজ না থাকায় ছুটি আসেন সেটে।সেখান থেকে নিয়ে গিয়েই এক্স-রে ও বিভিন্ন পরীক্ষা করানো হয় শুভ্রজিৎকে।শনিবার চিকিৎসকের থেকে জানা যায় যে,শুভ্রজিতের ডান পায়ের প্রায় ৬০ শতাংশ লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে।অন্তত চার সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাঁকে।
তবে গল্পের কেন্দ্রবিন্দুতেই রয়েছে শুভ্রজিতের চরিত্র।ফলে দীর্ঘদিন শুটিং বন্ধ রাখা সম্ভব নয়। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়েই একদিন অন্তর শুটিং করবেন অভিনেতা।যদিও এখন তাঁর স্বাভাবিকভাবে হাঁটাচলাই প্রায় অসম্ভব।লাঠিতে ভর দিয়ে চলাফেরা করছেন শুভ্রজিৎ।নিয়মিত ওষুধ খেতে হচ্ছে তাঁকে।এই কঠিন পরিস্থিতিতে অভিনেতার সঙ্গে রয়েছেন স্ত্রী প্রিয়াঙ্কা।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন,”আমার জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ।তোমাকে অসুস্থ দেখে মনটা ভারী হয়ে যাচ্ছে।এটা আমাকে সবথেকে বেশি কষ্ট দিচ্ছে।তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো,তোমাকে আবার হাসিখুশি রূপে ফিরে পেতে চাই।”ব্যস্ততার মাঝেও স্বামীর পাশে রয়েছেন তিনি।২০২৬ -এ ফেব্রুয়ারি মাসে বিবাহ সম্পন্ন হয় এই তারকা দম্পতির।
স্ত্রী প্রিয়াঙ্কা জানান,এটা প্রথমবার নয়। ধারাবাহিকের শুরু থেকেই যেন দুর্ঘটনা পিছু ছাড়ছে না শুভ্রজিতের।এর আগেও ধারাবাহিকের প্রোমো শুট করতে গিয়ে কপালে চোট পেয়েছিলেন অভিনেতা।পাঁচটি সেলাই নিয়েও থেমে থাকেননি তিনি।কখনও বাইক চালিয়ে,কখনও মাঝ সমুদ্রে নেমে শুটিং করেছেন।এবার লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পরও থেমে থাকেননি শুভ্রজিৎ।
