ফুটবল বিশ্বকাপের আগে বড় মোড়, আমেরিকা ছেড়ে মেক্সিকোয় ইরানের ডেরা

0



২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক ফুটবল মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এল ইরান। আমেরিকায় নির্ধারিত প্রস্তুতি শিবির সরিয়ে এবার মেক্সিকোর তিজুয়ানায় বেসক্যাম্প গড়ার কথা ঘোষণা করেছে ইরান ফুটবল ফেডারেশন। ইরানের দাবি, ফিফাও ইতিমধ্যেই এই পরিবর্তনের অনুমোদন দিয়েছে। প্রথমে অ্যারিজোনার টাকসনে শিবির করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা উদ্বেগ এবং ভিসা সংক্রান্ত জটিলতার আশঙ্কাতেই শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ইরান-আমেরিকা সম্পর্কের টানাপোড়েন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এই সিদ্ধান্তের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, ফিফার সঙ্গে একাধিক বৈঠক ও আলোচনার পর এই পরিবর্তনের অনুমতি মিলেছে। তাঁর দাবি, ইস্তানবুলে ফিফা কর্তাদের সঙ্গে বৈঠক এবং তেহরানে অনলাইন আলোচনার পর আমেরিকা থেকে মেক্সিকোয় শিবির সরানোর আবেদন গ্রহণ করা হয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনও ঘোষণা করেনি ফিফা।
অন্যদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন ইরান দলকে মেক্সিকোয় থাকার অনুমতি দিতে তাদের সরকারের কোনও আপত্তি নেই। তাঁর কথায়, ‘তাদের মেক্সিকোয় থাকতে না দেওয়ার কোনও কারণ নেই’। বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে রয়েছে ইরান। গ্রুপ পর্বের সব ম্যাচই আমেরিকায় খেলবে তারা। নিউ জিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে ইরানের। তিজুয়ানা থেকে মার্কিন ভেন্যুগুলিতে যাতায়াত তুলনামূলক সহজ হওয়ায় এই সিদ্ধান্তে লজিস্টিক সুবিধাও পাবে দলটি। ক্রীড়া মহলের মতে, ২০২৬ বিশ্বকাপ শুধু ফুটবলের লড়াই নয়, আন্তর্জাতিক কূটনীতি ও রাজনৈতিক বাস্তবতারও বড় প্রতিফলন হয়ে উঠছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *