‘আমরা একটা মহামারির মধ্যে বসবাস করছি’,নারী নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন কঙ্গনা-ভূমি
দেশজুড়ে নারী নির্যাতনের ঘটনা নতুন নয়।প্রতিদিন ভারতের বহু মহিলা অত্যাচারের শিকার হচ্ছে,মৃত্যুর মুখোমুখি হচ্ছে।তবে দোষীদের শাস্তি কী ?ঠিক এই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী ভূমি পেডনেকর।যুব সমাজের মানসিকতাকে সরাসরি কাঠগড়ায় তুলে কড়া আইন প্রয়োগের দাবি জানান অভিনেত্রী।
সম্প্রতি,সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে দেখা যায়,সুইমিং পুলের ধারে দেওয়ালে আঁকা এক নারীর ছবিকে উদ্দেশ্য করে কয়েকজন যুবক অশালীন অঙ্গভঙ্গি করছে।ভিডিয়োটি দেখেই ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী।ইনস্টাগ্রামে নিজের অনুরাগীদের সঙ্গে ভিডিয়োটি ভাগ করে তিনি লেখেন,”এটাই আজকের যুব সমাজের মানসিকতা।এরাই ভবিষ্যতে নারী ও শিশুদের উপর যৌন নির্যাতন চালাবে।আমরা একটা মহামারির মধ্যে বসবাস করছি।শুধু লজ্জা প্রকাশ করলেই হবে না,আরও কঠোর আইন দরকার।আরও কঠোর আইন ,আরও কঠোর আইন।”
অন্যদিকে,সাম্প্রতিক সময়ে পণপ্রথা এবং বিবাহিত মহিলাদের উপর নির্যাতনের একাধিক ঘটনাও দেশজুড়ে উদ্বেগ বাড়িয়েছে।ভোপালের ত্বিশা শর্মা এবং নয়ডার দীপিকা নাগরের মৃত্যুর ঘটনায় তাঁদের পরিবারের পক্ষ থেকে শ্বশুরবাড়ির বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচারের অভিযোগ তোলা হয়েছে।ঘটনাগুলি সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠেছে, বিবাহিত নারীদের নিরাপত্তা ব্যবস্থা কোথায় ?এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টে তিনি লেখেন,”প্রতিদিন বিবাহিত তরুণীদের নিয়ে অসংখ্য মর্মান্তিক ঘটনা সামনে আসছে।অনেক শিক্ষিত মেয়েও বিয়ের পর অসহ্য পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায়,কিন্তু আমাদের সমাজে বিয়ের পর মেয়েদের যেন পরিত্যাগ করাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে।”
এমনকি মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পরামর্শ দিয়ে কঙ্গনা আরও বলেন,”তোমাদেরও পেশা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।স্বাধীন না হওয়া পর্যন্ত বিয়ের কথা ভেবো না।নিজের জীবনের নায়ক তোমাকেই হতে হবে।তোমাকে বাঁচাতে কেউ আসবে না। তুমি কী করছ এবং তুমি কে,সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ,কাকে বিয়ে করছ সেটা নয়।”
