‘আমরা ভয়ে কাঁটা হয়ে থাকতাম ছবি রিলিজ কী করে করব,’ ইন্ডাস্ট্রিতে ভয়ের রাজত্ব নিয়ে অকপট দেবলীনা

0



টলিউডে দীর্ঘদিন ধরে স্বাধীন ছবি নির্মাণের পথে যে অদৃশ্য বাধা ও ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল সেই ভয় যে এবার একটু হলেও থিতিয়েছে তা বললে ভুল হবে না। সম্প্রতি,রূদ্রজিৎ রায় পরিচালিত ‘ পিঞ্জর’ ছবির জমকালো টিজার লঞ্চ অনুষ্ঠিত হয়।এর আগে শিকাগো, লন্ডন ও কলকাতা-সহ একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখানো হয়। ছবিটির টিজার লঞ্চ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, দেবলীনা রায় সহ অনেকে।এদিন স্বাধীন ছবির তৈরি নিয়ে সরব হলেন অভিনেত্রী দেবলীনা দত্ত।দেবলীনার দাবি,বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হওয়ায় শিল্পী ও নির্মাতাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

‘পিঞ্জর’-এর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে দেবলীনা বলেন,”শুরুতেই আমাদের মাথায় প্রশ্ন এসেছিল এই ছবিটি আদৌ মুক্তি পাবে?” তাঁর মতে,গত কয়েক বছরে কোনও নতুন শৈল্পিক আলোচনা বা ছবির পরিকল্পনা শুরু হলেই প্রথম চিন্তা থাকত স্বাধীনভাবে শুটিং করা যাবে কি না কিংবা ফেডারেশনের সঙ্গে আগে থেকেই কথা বলা উচিত।অনেক ক্ষেত্রেই, আগে থেকেই নানা ব্যবস্থা করতে হতো, যা ছোট প্রযোজকদের পক্ষে সম্ভব হয়ে উঠত না।

তিনি বলেন,”আমি ১০ হাজার টাকায় ছবি বানাতে পারি।অর্থাৎ ছবি বানানোর স্বাধীনতা থাকবে,টাকা দিয়ে কোনও ছবির ওজন বিচার করা হবে না।” দেবলীনার অভিযোগ, কোনও পরিচালক কষ্ট করে ছবির শুটিং শেষ করলেও তার প্রদর্শন বা মুক্তি নিয়ে অনিশ্চয়তা থেকেই যেত। ফলে প্রযোজক ও পরিচালকদের মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করত।তিনি আরও বলেন, “আমরা ভয়ে কাঁটা হয়ে থাকতাম যে আমরা ছবি রিলিজ কী করে করব?শিল্প ও শৈল্পিক মানুষদের স্বাধীন হতে হবে।কোনও দেশে বা কোনও জায়গায় ছবিকে পিঞ্জরে বন্দি করে রাখা হয় কোথায়?সেই পিঞ্জরের দরজা খুলে গিয়েছে।” তাঁর মতে, বর্তমানে সরকার বদলের পর সেই ভয় কাটতে শুরু করেছে এবং সেটাই শিল্প জগতের জন্য সবচেয়ে ইতিবাচক পরিবর্তন।

স্বরূপ বিশ্বাসের গ্রেফতার হওয়ার পরিস্থিতিতেও আওয়াজ তোলেন অভিনেত্রী।তিনি বলেন,”সবটাই কর্মফল।তবে এটা শুধু একজন মানুষের কাজ বললে ভুল বলা হবে,এটা একটা নেক্সাস।একজন মানুষকে চিহ্নিত করলেই পুরো নেক্সাসকে চিহ্নিত করা হয় না।” তাঁর মতে,আজ যে পরিবর্তন দেখা যাচ্ছে,তা কেবল একজনের পতন নয়,বরং দীর্ঘদিনের একটি ব্যবস্থার বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের ফল।

শুধু অভিনেত্রী হিসেবেই নয়,খুব শিগগিরই পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন দেবলীনা।তিনি জানান,নিজের চিত্রনাট্য নিয়েও তাঁর মনে দীর্ঘদিন আশঙ্কা ছিল।কিন্তু এখন সেই ভয় অনেকটাই দূর হয়েছে।তাঁর কথায়,সরকার পরিবর্তনের পর থেকেই তাঁরা অনেকে আশাবাদী হয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed