‘মন যে আমার’-এর পর জন-রূপসার নতুন রসায়ন,ফের আসছে দেবাঞ্জনের ‘ম্যাজিক’

0



টলিউডে নতুন জুটির প্রতি দর্শকের আগ্রহ বরাবরই আলাদা।সেই আগ্রহকে আরও একধাপ বাড়িয়ে আবারও একসঙ্গে আসছেন অভিনেতা জন ভট্টাচার্য এবং অভিনেত্রী রূপসা মুখোপাধ্যায়।প্রথমবার জুটি বেঁধেই বাজিমাত।জনপ্রিয় মিউজিক ভিডিয়ো ‘মন যে আমার’-এর সাফল্যের পর ফের নতুন একটি মিউজিক ভিডিয়োতে জুটি বাঁধছেন তাঁরা।সঙ্গীত পরিচালনা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবাঞ্জন, আর কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা সোমলতা।প্রযোজনার দায়িত্বে রয়েছে ‘সারেগামা’।নতুন মিউজিক ভিডিয়ো ঘিরেই বাড়ছে প্রত্যাশার পারদ।শুটিং নিয়ে ব্যস্ততার মাঝে কী বলছেন জন ও রূপসা?

সম্প্রতি,জন ও রূপসার শুটিং সেটে পৌঁছায় আডিশন। সাক্ষাৎকারে জন ভট্টাচার্য দর্শকের ভালোবাসার কথা উল্লেখ করে বলেন,”এত ভালোবাসা পেয়েছি দর্শকের কাছ থেকে।তাই আরও একবার ফিরে এসেছি।”তাঁর মতে,নতুন কাজ এবং নতুন জুটি ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন,”নতুন জুটি এলে,নতুন কাজ এলে মানুষ আরও ভালোভাবে কাজ করার সুযোগ পায়।এই সুযোগ দেওয়ার জন্য সারেগামাপা এবং আমাদের পুরো টিমকে ধন্যবাদ।”

পরিচালক ও সঙ্গীত পরিচালক দেবাঞ্জনের প্রশংসায় পঞ্চমুখ জন ও রূপসা।জন বলেন,”দেবাঞ্জন একজন জিনিয়াস।তিনি প্রথাগত গণ্ডির বাইরে গিয়ে ভাবতে পারেন।নতুন ভাবনা ও নতুন কাজের জন্য এরকম মানুষের খুব দরকার।”অন্যদিকে, রূপসা মুখোপাধ্যায়ও নতুন প্রতিভা এবং নতুন জুটির গুরুত্বের উপর জোর দিয়েছেন।তিনি বলেন,”আমার মনে হয় সবারই সুযোগ পাওয়া উচিত।নতুন জুটি আসা দরকার,নতুন মুখ আসা দরকার।তবেই কাজের পরিধি বাড়বে এবং ইন্ডাস্ট্রি আরও সমৃদ্ধ হবে।”তবে নতুন মিউজিক ভিডিওর গল্প কিংবা মুক্তি নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ জন-রূপসা।

উল্লেখ্য,গত এক বছরে ‘সারেগামা’ এবং ‘ক্যালকাটা সিনে ওয়ার্কস’ একাধিক সফল মিউজিক ভিডিয়ো উপহার দিয়েছে।সেই ধারাবাহিকতায় আসছে তাদের নতুন রোমান্টিক উপহার।বিশেষ করে দেবাঞ্জনের পরিচালনায় ‘কাছাকাছি তুই আমি’ এবং ‘বলো দুগ্গা মাইকি’ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়াও ‘মন যে আমার’ পাঁচ মিলিয়নের গণ্ডি ছাড়িয়েছে,ফলে তাঁদের নতুন কাজ ঘিরে প্রত্যাশা স্বাভাবিকভাবেই অনেক বেশি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *