‘বাংলায় এখন ভাল হাওয়া’,অনুপমের সুরে অর্থমন্ত্রীর বার্তা ‘বেঙ্গল ইস ব্যাক’
দীর্ঘ ২৬ বছর পর আবারও বাংলা চলচ্চিত্রের সঙ্গে প্রযোজক হিসেবে যুক্ত হলেন বর্ষীয়ান অভিনেতা-প্রযোজক অনুপম খের।১৯৯৯ সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’ ছবির প্রযোজনার পর এবার তিনি ফিরছেন নতুন বাংলা ছবি ‘শুরু থেকে শুরু’-র হাত ধরে।’ফ্রেন্ডস কমিউনিকেশন’- এর প্রযোজক ফিরদৌসুল হাসানের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে ‘অনুপম খের স্টুডিও’।ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রাহুল বসু,টোটা রায়চৌধুরী ও পাওলি দামকে।এদিন ছবির আনুষ্ঠানিক ঘোষণায় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সহ বিধায়ক রুপা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য কলাকুশলীরা।তবে ছবির প্রথম ঘোষণার মাঝেই কোন বার্তা দিলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের?
ছবির ঘোষণার দিন অনুপম খের বলেন,”বাংলায় এখন আলাদা হাওয়া বইছে—নতুন হাওয়া,ভাল হাওয়া।এর জন্য আমার ভাল লাগছে।এটা আমার কাছে খুবই আনন্দের।এবার থেকে আরও মানুষ বাংলায় এসে কাজ করবে।নতুন শুরু হয়েছে,সামনে আরও কাজ হবে।বাংলার শহর এবং এই রাজ্যর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ।হিন্দি সিনেমাও বাংলার বহু কিংবদন্তির কাছ থেকে শিখেছে।হিন্দি সিনেমাকেও বাংলার মানুষরা ঋত্বিক ঘটক,মৃণাল সেন, সলীল চৌধুরী,বাসু চট্টোপাধ্যায়,ঋষিকেশ মুখোপাধ্যায়,গানের ক্ষেত্রে আর ডি বর্মন,এস ডি বর্মন হেমন্ত কুমারের মতো মানুষের থেকে শিখেছি।২৬ বছর বাদে একটা ভাল গল্প পেয়েছি বাংলা সিনেমায় সামিল হওয়ার জন্য।আমি একটি সহযোগিতাপূর্ণ সরকারও দেখতে পাচ্ছি।সাধারণত এই ধরনের অনুষ্ঠানে কোনও অর্থমন্ত্রী আসেন না,কিন্তু তিনি এসেছেন।আমি নিশ্চিত,আগামী দিনে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও অনেক পরিকল্পনা রয়েছে।”
প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন,”আমার দিক থেকে প্রচেষ্টা যে বাংলা সিনেমা আগে যেরকম জায়গায় ছিল সেই জায়গায় নিয়ে আসা। বারবার বলি ষষ্ঠ সর্বাধিক কথিত ভাষা এই ইন্ডাস্ট্রির একটা বিশাল মার্কেট আছে।এই মার্কেটটা আমাদের প্রোডিউসারদের ঠিক করতে হবে। আবার বাংলা সিনেমার বাজার সে জায়গায় নিয়ে যেতে পারবো।অনুপম খের-এর সঙ্গে যৌথ প্রযোজনাটা শুধু একসঙ্গে কাজ করা নয় ,এটি একটি সৃজনশীল সহযোগিতা।উনি নিজেও একজন সৃজনশীল মানুষ।আমি খুব খুশি যে উনি আমার সঙ্গে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে চিন্তা করেছেন।আগামী দিনে শুটিং শুরু হবে এবং শুধু একটা ছবিতে নয় ওনার সঙ্গে হয়তো বছরে ১-২ টি ছবি যৌথ প্রযোজনায় করবো।”
টোটা রায়চৌধুরীর মতে, অনুপম খেরের মতো একজন বিশিষ্ট ব্যক্তিত্বের বাংলা ছবির সঙ্গে যুক্ত হওয়া ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক বার্তা। তাঁর বিশ্বাস, এতে অনুপ্রাণিত হয়ে মুম্বই-সহ দেশের অন্যান্য প্রান্তের আরও প্রযোজক বাংলা ছবিতে বিনিয়োগ করতে উৎসাহিত হবেন। পাশাপাশি তিনি জানান, বাংলা চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতেও তাঁরা প্রস্তুত।এদিকে পাওলি দাম জানান, যে কোনও চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে নতুন বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৬ বছর পর অনুপম খেরের বাংলা সিনেমার পাশে দাঁড়ানোকে তিনি স্বাগত জানান। একইসঙ্গে শুরু থেকে শুরু ছবির অংশ হতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী। তাঁর কথায়, এটি একটি প্রেমের গল্প এবং এমন একটি গল্পে কাজ করার অপেক্ষায় তিনি দীর্ঘদিন ছিলেন।
এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,”তিন দশক পর অনুপম খের আবার যে ছবি করতে এলেন এটা একটা বড় গর্ব এবং একটা ইন্ডাস্ট্রির জন্য খুব শক্তিশালী একটা বার্তা পাঠাচ্ছে।কাজ করার জন্য একটা পরিবেশ দরকার যেই পরিবেশটা হয়তো আগে ছিল না। আমরা আশা করছি সামনের দিনে সেই পরিবেশটা আমরা আনতে পারবো।এই ছবিটা দিয়ে একটা বার্তা যাচ্ছে যে বেঙ্গল ইস ব্যাক।সেটা সিনেমার ক্ষেত্রেও হোক বা অন্য শিল্পের ক্ষেত্রেও হোক।”অভিনেত্রী-বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় বলেন,”বাড়িওয়ালিতে আমি অভিনয় করেছিলাম।আমি খুব খুশি হয়েছি যে একটা প্রোডাকশন নিয়ে আসছেন অনুপম খের জি পশ্চিমবঙ্গের জন্য।”
