জন্মদিনে সৌরভের ‘সেরা উপহার’, প্রকাশ্যে বায়োপিকের ফার্স্ট লুক
ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫৪তম জন্মদিনে প্রকাশ্যে এল তাঁর বহু প্রতীক্ষিত বায়োপিক ‘দাদা – দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’-র ফার্স্ট লুক। আর সেই পোস্টারকেই নিজের জন্মদিনের ‘সেরা উপহার’ বলে উল্লেখ করেছেন খোদ সৌরভ। প্রথম পোস্টারে দেখা গিয়েছে, ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে জার্সি ওড়ানোর সেই ঐতিহাসিক মুহূর্তকে। সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। পোস্টার প্রকাশের পাশাপাশি জানানো হয়েছে, ছবিটি মুক্তি পাবে ২০২৭ সালের ১৪ মে। সমাজ মাধ্যমে পোস্টার ভাগ করে নিয়ে রাজকুমার রাওকে ট্যাগ করে সৌরভ লেখেন, ‘(জন্মদিনের) সেরা উপহার! পর্দায় তোমার ব্যাটে আমার সেই সিগনেচার কভার ড্রাইভ দেখার জন্য আর তর সইছে না।’ অন্যদিকে, রাজকুমারও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টারটি শেয়ার করেন।

তবে ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। অনেকের মতে, লর্ডসের সেই বিখ্যাত দৃশ্যটি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হলেও রাজকুমার রাওকে সৌরভের চরিত্রে পুরোপুরি মানিয়ে ওঠেনি। কেউ লিখেছেন, ‘একটুও মানাচ্ছে না’, আবার কারও মতে, প্রোস্থেটিক্স বা ভিএফএক্স ব্যবহার করেও সৌরভের পরিচিত ব্যক্তিত্বকে পুরোপুরি তুলে ধরা যায়নি। যদিও অন্য একাংশের দর্শকের মত, চূড়ান্ত বিচার হবে ছবি মুক্তির পর। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত এই ছবির প্রযোজনায় রয়েছে লভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। প্রযোজনা করছে লভ ফিল্মস এবং উপস্থাপনায় টি-সিরিজ। ছবিতে সৌরভের ক্রিকেটজীবনের উত্থান, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্ব, প্রত্যাবর্তন, বিতর্ক, সাফল্য এবং ভারতীয় ক্রিকেটে তাঁর রেখে যাওয়া প্রভাবই উঠে আসবে।
