লটারির টিকিট বদলে দেবে জীবন?রহস্য-হাস্যরসের মোড়কে আসছে ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’

0



একটা লটারির টিকিট কি সত্যিই মানুষের ভাগ্য বদলে দিতে পারে?নাকি সেই হঠাৎ পাওয়া সৌভাগ্যই ডেকে আনে অজানা বিপদ?এই প্রশ্নকেই কেন্দ্র করে তৈরি হয়েছে ঋষভ দত্ত পরিচালিত নতুন বাংলা ড্রামেডি ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’।ছবিটির প্রযোজনায় রয়েছে ‘মোজোটালে এন্টারটেইনমেন্টস অ্যান্ড ডিস্ট্রিবিউশনস’,’গ্রেম্যাটার ফিল্মস’ সহ ‘ডেজিনিয়াক্স স্টুডিওস।আগামী ৭ আগস্ট প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে চলেছে।



ছবির গল্পটি মূলত মফস্বল এবং কলকাতার উপকণ্ঠকে কেন্দ্র করে গড়ে উঠেছে।ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে নারায়ণ ঘোষ নামের একজন ডিজিটাল ঘটককে।ঋণ, ব্যর্থতা,মায়ের উপর পালন না করা দায়িত্ব আর ভেঙে পড়া সম্পর্কের চাপে জর্জরিত তাঁর জীবন।একদিন আচমকাই তাঁর জীবন বদলে যায় একটি লটারির টিকিট জেতার পর।কিন্তু অর্থ আসার সঙ্গে সঙ্গেই শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। কখনও স্বপ্নে, কখনও বাস্তবে তাঁর সামনে আবির্ভূত হন দেবী লক্ষ্মী।যেন ইঙ্গিত দিচ্ছেন এই প্রাপ্তির আড়ালে লুকিয়ে রয়েছে আরও বড় কোনও সত্য।ধীরে ধীরে নারায়ণের সাফল্যের গল্প জড়িয়ে পড়ে বিশ্বাসঘাতকতা,বিপর্যয় এবং এক রহস্যময় হত্যাকাণ্ডের সঙ্গে।অর্থ,লোভ,কর্মফল এবং বিবেকের টানাপড়েনের মধ্য দিয়ে ছবির কাহিনি এগোয় এক অন্য মাত্রায়।ফলে এটি শুধুমাত্র ভাগ্য ফেরানোর গল্প নয়, বরং মানুষের সিদ্ধান্ত এবং তার পরিণতির গল্পও।



পরিচালক ঋষভ দত্ত জানায়,ছবিটির ভাবনা প্রথম তাঁর মাথায় আসে ২০২১ সালে।এরপর ২০২৩ সালে তিনি ছবির চিত্রনাট্যের কাজ শুরু করেন।তাঁর মতে,তিনি এমন একটি ছবি তৈরি করতে চেয়েছেন যেখানে হাস্যরসের আড়ালে জীবনের গভীর প্রশ্নগুলো খুব সহজভাবে উঠে আসে।পরিচালকের কথায়,”ভাগ্যলক্ষ্মী বাম্পার শুধু লটারির গল্প নয়,এটি মানুষের লোভ, বিশ্বাস ও আত্মউপলব্ধির গল্প।আশা করি দর্শক ছবিটি উপভোগ করার পাশাপাশি এর অন্তর্নিহিত ভাবনাগুলিও সঙ্গে করে নিয়ে ফিরবেন।”



উল্লেখ্য,এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে উন্মেষ গঙ্গোপাধ্যায়,বিমল গিরি,স্বরলিপি ঘোষ,চিরঞ্জিৎ চক্রবর্তী,সুরজিৎ মাল,সুব্রত সেনগুপ্ত,স্বাতী মুখোপাধ্যায় ও শান্তনু মজুমদার-সহ আরও অনেকে।সঙ্গীত পরিচালনায় রয়েছেন শমিক গুহ রায়, সায়ন্তন মিস্ত্রি ও অনুষ্টূপ মজুমদার।হাসি,রহস্য আর আবেগের মিশেলে তৈরি এই ছবির শেষ পর্যন্ত নারায়ণের ভাগ্যে কী লেখা আছে,সৌভাগ্য নাকি বিপদ ?সেই উত্তর মিলবে আগামী ৭ আগস্ট প্রেক্ষাগৃহে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *