অন্নপূর্ণার টাকা এখনও ঢোকেনি? কালই কি বদলাবে ছবি, বড় বার্তা মুখ্যমন্ত্রীর

0



অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়ামের অনুষ্ঠান থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, যাঁরা প্রকল্পের জন্য যোগ্য অথচ এখনও টাকা পাননি, তাঁদের মধ্যে উপযুক্তদের আগামীকাল ও ২০ আগস্টের মধ্যেই টাকা পৌঁছে যাবে। একইসঙ্গে যোগ্য হয়েও টাকা না পাওয়া মহিলাদের জন্য নতুন করে অভিযোগ ও আবেদনের সুযোগও দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর দাবি, সরকারি অর্থের অপচয় বা কোনও অনিয়ম যাতে না হয়, সে কারণেই আবেদনপত্রে চলছে ‘ঝাড়াই-বাছাই’। এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে। তার মধ্যে ১ কোটি ৬২ লক্ষের বেশি আবেদনকারীর নথি যাচাই শেষ হয়েছে। ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনের যাচাইয়ের পর যোগ্যদের তালিকা তৈরি করা হয়েছে। ১০ থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আরও প্রায় ১৪ লক্ষ আবেদনের যাচাইপর্বও চলছে। যাচাইয়ে যোগ্য প্রমাণিত হলেই তাঁদেরও প্রকল্পের আওতায় আনা হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এরমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৭ আগস্ট থেকে তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। আগামী ২০ আগস্টের মধ্যে অনুমোদিত উপভোক্তাদের টাকা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। তাঁর কথায়, ‘অনেক ঝাড়াই-বাছাই করে ফর্ম বের করে যোগ্যদের টাকা দিচ্ছি। অন্নপূর্ণা যোজনার টাকা যোগ্যরাই পাবেন।’ সরকারি হিসাব অনুযায়ী, জুন মাসে প্রায় ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছিল। জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ১ কোটি ১৯ লক্ষে। যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। আগামী দিনে যাচাইয়ে যোগ্য প্রমাণিত উপভোক্তাদের প্রতিমাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে টাকা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে তালিকা থেকে কোনও যোগ্য মহিলা বাদ পড়লে তাঁর জন্যও থাকছে সুযোগ। ২০ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার পোর্টাল ফের খোলা হবে। সেখানে নতুন করে আবেদন বা অভিযোগ জানানো যাবে। আধার-সংক্রান্ত তথ্যের গরমিলের কারণে প্রায় ১৭ লক্ষ আবেদন বাদ পড়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন আবেদনের ক্ষেত্রেও ফের নথি ও তথ্য যাচাই করা হবে। অন্নপূর্ণা যোজনার পরিধি বাড়ায় প্রকল্পের খরচও বাড়ছে। মুখ্যমন্ত্রীর দাবি, বাজেটে প্রথমে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও প্রকল্প চালাতে বছরে প্রায় ৪৮ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। তাঁর বক্তব্য, কোনও যোগ্য মহিলা যাতে বঞ্চিত না হন, সেটিই সরকারের লক্ষ্য। অযোগ্য কেউ সুবিধা পেলে তা নিয়েও অভিযোগ জানানোর ব্যবস্থা থাকবে। ফলে আগামীকাল টাকা পৌঁছনোর পরেও অন্নপূর্ণা যোজনায় নজর থাকবে নতুন করে আবেদন, যাচাই এবং বাদ পড়া যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরির দিকে।


Image courtesy of Department of Information & Cultural Affairs, Government of West Bengal facebook

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *