এক আইফোনের কিস্তি, শেষ গোটা পরিবার! জেন-জি-র ‘চাই’-এর পিছনে ঋণের ভয়ঙ্কর ফাঁদ

0



একটা ফোন। কয়েকটি কিস্তি। আর তার জেরে শেষ হয়ে গেল একটা গোটা পরিবার! মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের খাভদা পাহাড়ে ১৯ বছরের কুণাল চাঁদগুড়ের মর্মান্তিক মৃত্যু যেন শুধু একটা পরিবারের গল্প নয়, বরং  সময়ের এক ভয়ঙ্কর ছবিও সামনে এনে দিল। দামি ফোন, গাড়ি, বাইক, বিদেশি ঘোরাঘুরি- ‘এখনই চাই’-এর সেই তাগিদ মেটাতে ক্রমেই বাড়ছে ইএমআই-নির্ভর জীবন। আর কখনও কখনও সেই কিস্তির বোঝাই হয়ে উঠছে অসহ্য। পুলিশের দাবি, একটা আইফোনের কিস্তি মেটানো নিয়ে বাবার সঙ্গে অশান্তি হয়েছিল কুণালের। পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত। কিন্তু ফোনের কিস্তির টাকা চেয়েছিলেন তিনি। বাবা তা দিতে পারেননি। অভিমানে বাড়ি ছেড়ে খাভদা পাহাড়ে চলে যান কুণাল। সেখানে দাঁড়িয়ে আত্মহত্যার হুমকি দিতে থাকেন। তাঁকে বোঝাতে ছুটে যান বাবা-মা। স্থানীয় মানুষ, পুলিশ, দমকলকর্মীরাও প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টা করেন তাঁকে ফিরিয়ে আনতে।কিন্তু শেষরক্ষা হয়নি। ছেলেকে বাঁচাতে গিয়ে পাহাড় থেকে পড়ে যান বাবা মুরলিধর। চোখের সামনে স্বামী ও ছেলেকে হারিয়ে কয়েক মুহূর্তের ব্যবধানে খাদে মরণঝাঁপ মা সঙ্গীতারও। একটা ফোনের কিস্তি নিয়ে শুরু হওয়া অশান্তি মুহূর্তে মুছে দিল তিনটি জীবন।
এই ঘটনা এক ভয়ংকর প্রশ্ন সামনে আনে- আমরা কি প্রয়োজন মেটাতে ঋণ নিচ্ছি, নাকি ঋণ নিয়ে প্রয়োজন তৈরি করছি?
আজকের ‘জেন-জি’ প্রজন্মের কাছে স্মার্টফোন শুধুই যোগাযোগের মাধ্যম নয়। অনেক সময় সেটাই হয়ে উঠছে পরিচয়, সামাজিক মর্যাদা, ‘স্ট্যাটাস’-এর প্রতীক। হাতে দামি ফোন মানেই যেন সাফল্যের ছাপ। অথচ সেই ফোনটার দাম মেটাতে মাসের পর মাস কেটে যাচ্ছে কিস্তি। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, ভারতে বিক্রি হওয়া স্মার্টফোনের বড় অংশই এখন ইএমআই-এর মাধ্যমে কেনা হচ্ছে। দামি ফোনের ক্ষেত্রে কিস্তির মেয়াদ আরও দীর্ঘ। এই ব্যবস্থার সবচেয়ে বিপজ্জনক দিক হল- বড় দামটাকে ছোট ছোট মাসিক অঙ্কে ভেঙে দেওয়া। ফলে যে জিনিসটি একসঙ্গে কিনলে সাধ্যের বাইরে বলে মনে হত, সেটাই কিস্তিতে ‘সহজলভ্য’ বলে মনে হয়। কিন্তু কিস্তি তো শেষ পর্যন্ত কিস্তিই। আজকের চাওয়া মেটাতে আগামী দিনের আয়ের একটা অংশ বন্ধক রাখা হয়। আর এই প্রবণতা শুধু স্মার্টফোনে থেমে নেই। ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ, ‘বাই নাও, পে লেটার’ থেকে শুরু করে সোনার ঋণ- ভোগের বাজার যত বাড়ছে, ততই বাড়ছে ধার করে জীবনযাপনের প্রবণতা। রিজার্ভ ব্যাঙ্কও খুচরো ঋণের দ্রুত বৃদ্ধিকে নিয়ে একাধিকবার সতর্ক করেছে।ব্যাঙ্কের খাতায় এই ঋণ হয়তো একটা সংখ্যা। মাসের শেষে মোবাইলে আসা এসএমএসে তা হয় ‘ইএমআই’। কিন্তু মহারাষ্ট্রের পাহাড়ে সেই কিস্তির হিসাব আর কাগজে ছিল না। ছিল একটা পরিবারের শেষ নিঃশ্বাস।
কুণালের ঘটনা তাই শুধু আইফোনের গল্প নয়। এটা এমন এক প্রজন্মের গল্প, যাদের সামনে বিজ্ঞাপন প্রতিদিন বলে- ‘তোমার যা পছন্দ, তা এখনই তোমার হতে পারে।’ কিন্তু সেই ‘এখন’-এর দাম যে কখনও কখনও দিতে হয় গোটা জীবন দিয়ে, খাভদা পাহাড়ের ঘটনা তারই হাড়হিম করা স্মারক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *