অন্নপূর্ণার টাকা পাননি? খুলে গেল পোর্টাল, এ বার নিজেই জানুন কোথায় আটকে আবেদন
অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে অপেক্ষায় থাকা মহিলাদের জন্য এল গুরুত্বপূর্ণ খবর। ফের খুলে গেল অন্নপূর্ণা যোজনার পুরনো সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল। ফলে যাঁরা এখনও ৩ হাজার টাকার কিস্তি পাননি, তাঁরা আর শুধু অপেক্ষা না করে নিজেরাই দেখে নিতে পারবেন আবেদনের বর্তমান অবস্থা। আবেদন অনুমোদিত হয়েছে, নাকি কোনও কারণে আটকে রয়েছে, এমনকী নাম বাদ পড়লে তার কারণ কী-সবটাই এবার পোর্টালে দেখা যাবে। শুধু তাই নয়, প্রয়োজন হলে সেখান থেকেই অভিযোগ জানানো এবং ফের আবেদনের সুযোগও থাকছে।
অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা ১৭ আগস্ট থেকে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। অনেক মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গেলেও এখনও বহু উপভোক্তা টাকা পাননি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাঁদের টাকা কি আদৌ আসবে? নাকি কোনও কারণে আবেদন বাতিল হয়েছে? সেই উদ্বেগের মধ্যেই ১৯ আগস্ট ফের চালু করা হল পোর্টালের ‘সিটিজেন্স লগ ইন’ অংশ। ফলে এবার বাড়িতে বসেই আবেদনের হালহকিকত জানা সম্ভব।
কীভাবে দেখবেন আবেদনের স্ট্যাটাস?
স্ট্যাটাস দেখতে প্রথমে অন্নপূর্ণা যোজনার সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে ঢুকতে হবে। সেখানে ‘সিটিজেন’ অথবা ‘ফ্যামিলি লগ ইন’ অপশন বেছে ‘অ্যাকসেস সিটিজেন্স পোর্টাল’-এ যেতে হবে। এরপর নিজের জেলা নির্বাচন করে মোবাইল নম্বর দিতে হবে। মোবাইলে ওটিপি এলে সেটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে সাবমিট করলেই খুলে যাবে আবেদন সংক্রান্ত তথ্য। সেখানেই দেখা যাবে আবেদনটি কোন পর্যায়ে রয়েছে। কারও ক্ষেত্রে ‘অ্যাপ্রুভড’, কারও ক্ষেত্রে ‘রিজেক্টেড’, আবার কারও আবেদনের পাশে ‘আন্ডার এনকোয়ারি’ বা ‘আন্ডার প্রসেস’ ধরনের স্ট্যাটাস দেখা যেতে পারে। শুধু স্ট্যাটাস দেখিয়েই থেমে থাকছে না পোর্টাল। কোনও আবেদন আটকে থাকলে বা বাতিল হলে তার কারণও উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ, এতদিন যে প্রশ্নের উত্তর নিয়ে মহিলাদের মধ্যে অনিশ্চয়তা ছিল-‘আমার টাকা এল না কেন?’- তার উত্তর এবার নিজেরাই খুঁজে নিতে পারবেন মহিলারা।
কেউ টাকা না পেলে কী করবেন?
সরকারের তরফে বারবার জানানো হয়েছে, উপযুক্ত কোনও মহিলা যাতে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সে দিকে নজর রাখা হচ্ছে। ১৭ আগস্ট টাকা না পাওয়া আবেদনকারীদের ক্ষেত্রেও ফের যাচাইয়ের সুযোগ রয়েছে। পোর্টালে স্ট্যাটাস দেখার পর বোঝা যাবে, ঠিক কোন কারণে টাকা আটকে রয়েছে বা নাম বাদ গিয়েছে। কারও বাড়িতে সরকারি চাকরি রয়েছে—এমন কারণ দেখিয়ে কোনও আবেদন আটকে থাকতে পারে। আবার কারও ক্ষেত্রে ‘আন্ডার প্রসেস’, ‘ফারদার ভেরিফিকেশন’ বা ‘আন্ডার এনকোয়ারি’ দেখাতে পারে। অর্থাৎ টাকা না ঢোকার কারণ সবার ক্ষেত্রে এক নয়। তাই অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না, তা দেখে নিজের আবেদন নিয়ে সিদ্ধান্তে পৌঁছনোর বদলে প্রথমে নিজের স্ট্যাটাস যাচাই করাই সবচেয়ে জরুরি। আর যদি মনে হয়, যোগ্য হওয়া সত্ত্বেও ভুল কারণে নাম বাদ পড়েছে, তা হলে পোর্টালের মাধ্যমেই ক্লেম বা অবজেকশন জানানোর সুযোগ রয়েছে। প্রয়োজনে ফের আবেদনও করা যাবে। তবে নতুন করে সবাইকে আবেদন করতে হবে না। মূলত যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁরা যাচাইয়ের পর আপত্তি জানাতে চান, তাঁদের জন্যই এই সুযোগ।
স্ট্যাটাস দেখতে সরাসরি এখানে ক্লিক করুন: অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করুন https://socialregistry.wb.gov.in/citizen/#/
২০ আগস্ট পর্যন্ত অপেক্ষা কেন?
যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, তাঁদের ক্ষেত্রে আপাতত ২০ আগস্ট পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, তৃতীয় কিস্তির টাকা ধাপে ধাপে পাঠানো হচ্ছে। ফলে ১৭ আগস্টে টাকা না এলেই যে আবেদন বাতিল হয়ে গিয়েছে, এমনটা ধরে নেওয়ার কারণ নেই। ২০ আগস্টের পরেও টাকা না এলে তখনই পোর্টালে ঢুকে নিজের আবেদন গুরুত্বপূর্ণ।
মুখ্যমন্ত্রীর বার্তা, যোগ্য মহিলা বাদ গেলে জানান-
এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও স্পষ্ট বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য, উপযুক্ত কোনও মহিলা যদি বাদ চলে যান, তা হলে মহিলা মোর্চার কর্মীদের প্রত্যেক মা-বোন-দিদির কাছে পৌঁছে বিষয়টি জানার উদ্যোগ নিতে হবে। ১০ জুলাই, ২০২৬ পর্যন্ত যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের মধ্যে কোনও যোগ্য মহিলা সুবিধা থেকে বঞ্চিত হলে নতুন করে ফর্ম পূরণ করার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন তিনি। বরং সংশ্লিষ্ট আবেদনকারীর ফর্ম নম্বর এবং অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগ নথিভুক্ত করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ, ভুলবশত কোনও যোগ্য মহিলার নাম বাদ পড়লে তাঁকে ফের সুযোগ দেওয়ার পথ খোলা থাকছে।ছবি সৌজন্যে ফেসবুক


(Courtesy: Facebook)
