বৃষ্টিতে ভিজে শুটিং! ছয় মাসের অন্তঃসত্ত্বা কিয়ারাকে দেখে অবাক হুমা
শুটিং সেটে নানা রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয় তারকাদের। তবে ‘টক্সিক’-এর শুটিংয়ে কিয়ারা আডবাণীকে দেখে বেশ অবাক হয়েছিলেন হুমা কুরেশি। ছবির একটি দৃশ্যে প্রবল বৃষ্টির মধ্যে শুটিং করতে হয়েছিল তাঁদের। সেই সময় প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা কিয়ারা যেভাবে কাজ করে গিয়েছিলেন, তা এখনও মনে আছে হুমার। ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানে কিয়ারার সেই অভিজ্ঞতার কথাই শোনালেন অভিনেত্রী। চেন্নাইয়ে আয়োজিত ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানে হুমা বলেন, ‘কিয়ারাকে নিয়ে আমাকে কয়েকটা কথা বলতেই হবে। এটা কোনও স্পয়লার নয়।’ এরপরই শুটিংয়ের সেই বিশেষ দিনের কথা জানান তিনি। ছবির একটা দৃশ্যের জন্য প্রবল বৃষ্টির মধ্যে শুটিং করতে হয়েছিল হুমা ও কিয়ারাকে। বৃষ্টিতে দু’জনেই পুরোপুরি ভিজে যাচ্ছিলেন। তার মধ্যেই হুমার শুরু হয় প্রচণ্ড মাথাব্যথা।
হুমা বলেন, ‘একটা দৃশ্যে আমাদের প্রচুর বৃষ্টির মধ্যে শুটিং করতে হয়েছিল। আমরা বৃষ্টিতে পুরোপুরি ভিজে যাচ্ছিলাম আর আমার প্রচণ্ড মাথাব্যথা করছিল।’ এমন পরিস্থিতিতে বারবার অভিযোগ করতে ইচ্ছে হচ্ছিল তাঁর। কিন্তু পাশে কিয়ারাকে দেখে নিজেকে সামলে নেন হুমা। অভিনেত্রীর কথায়, ‘প্রতিবার যখনই আমার অভিযোগ করতে ইচ্ছে করছিল, আমি কিয়ারার দিকে তাকাচ্ছিলাম। ও তখন প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা।’ কিয়ারার কথা বলতে গিয়ে হুমা আরও বলেন, ‘ও শুধু দাঁড়িয়ে ছিল এবং সেই দৃশ্যটা করছিল। একেবারে পাথরের মতো দাঁড়িয়ে ছিল। ওকে দেখেই আমি ভাবছিলাম, এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’
উল্লেখ্য, গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-এ যশ, কিয়ারা আডবাণী, নয়নতারার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত। আগামী ২৬ অগস্ট বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ছবিটি।
