‘ভালবাসা থাকলেও সম্মান যথেষ্ট মূল্যবান’, বিবাহবার্ষিকীতে কিরণকে আবেগঘন বার্তা অনুপমের

0



৪১ বছরের পথচলা। কখনও ভালবাসা, কখনও হাসি-ঠাট্টা, আবার কখনও মতের অমিল কিংবা অভিমান-সবকিছুকে সঙ্গে নিয়েই একসঙ্গে পথ চলেছেন অনুপম খের ও কিরণ খের। এ বার নিজেদের ৪১তম বিবাহবার্ষিকীতে স্ত্রী কিরণ খেরকে ভালবাসায় ভরা এক আবেগঘন বার্তা লিখলেন অনুপম।
স্মৃতির পাতা থেকে একের পর এক ছবি দিয়ে বিবাহবার্ষিকী উদযাপন করেছেন অভিনেতা। মজার ছলে অনুপম লিখেছেন, এত বছর ধরে প্রতি বিবাহবার্ষিকীতে ছবি পোস্ট করতে করতে এ বার নাকি নতুন ছবি খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়েছে। তবে ছবির সংখ্যা ফুরোলেও ৪১ বছরের সম্পর্কের গল্প যেন আজও অমলিন।
নিজেদের দীর্ঘ দাম্পত্যের নানা ওঠাপড়ার কথা বলতে গিয়ে অনুপম লেখেন, ‘৪১ বছর। সেখানে ছিল ভালবাসা, হাসি, তর্ক, মতের অমিল, একসঙ্গে থাকা, নিজেদের আলাদা পথচলা, কঠিন সময় এবং অসাধারণ মুহূর্ত। অন্য কথায়, এটাই একটা বিয়ে।’ অনুপম জানান, তিনি ও কিরণ একে অপরের থেকে অনেকটাই আলাদা। আর সেই ভিন্নতাই হয়তো তাঁদের সম্পর্ককে এতটা সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছে। একে অপরকে নিজেদের মতো করে বাঁচার স্বাধীনতা দেওয়াকেই তাঁদের দীর্ঘ দাম্পত্যের অন্যতম শক্তি বলে মনে করেন অভিনেতা। তিনি লেখেন, ‘কিরণ এবং আমি খুব আলাদা মানুষ। আর হয়তো সেটাই এই ৪১ বছরকে এতটা আকর্ষণীয় করে তুলেছে। আমরা সবসময় একে অপরকে নিজেদের মতো থাকার জায়গা দিয়েছি। ভালবাসা তো রয়েছেই, তবে সময়ের সঙ্গে আমার মনে হয়েছে, পারস্পরিক সম্মানও সমানভাবে মূল্যবান হয়ে ওঠে।’
তাঁর কথায়, ‘জীবন বদলায়। মানুষ বদলায়। পরিস্থিতি বদলায়। কিন্তু এত বছর পরেও এমন একজন মানুষ থাকা, যিনি আপনার জীবনের এতটা সময় দেখেছেন, আর আপনিও তাঁর জীবনের এতটা সময় দেখেছেন, তার মধ্যে একটা অন্যরকম সৌন্দর্য আছে।’ ৪১ বছরের সম্পর্ককে ‘অসম্পূর্ণ অথচ সুন্দর’ বলে বর্ণনা করে স্ত্রীকে ভালবাসায় ভরা শুভেচ্ছা জানিয়েছেন অনুপম। লিখেছেন, ‘আমরা অসম্পূর্ণ, স্বাধীন, কখনও বিরক্তিকর, কখনও অসম্ভব কঠিন, তবুও সবসময় একে অপরের পাশে আছি।’ শেষে কিরণকে উদ্দেশ্য করে তাঁর আবেগঘন বার্তা, ‘শুভ বিবাহবার্ষিকী, প্রিয় কিরণ! ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। আর আমরা যেন আরও বহু বছর পাশাপাশি হাঁটতে পারি। ভালবাসা সবসময়।’
অনুপমের শেয়ার করা ছবিগুলির মধ্যে রয়েছে তাঁদের প্রেমের সময়কার পুরনো স্মৃতি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মুহূর্ত। একটি ছবিতে সাদা পোশাকে একই রঙে সাজতেও দেখা গিয়েছে দু’জনকে। এই বিশেষ দিনে অনুপম-কিরণকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরাও। পরিচালক রাকেশ রোশন লিখেছেন, ‘বিবাহবার্ষিকীর শুভেচ্ছা ও সবসময় সুখে থাকুন।’ অভিনেত্রী মহিমা চৌধুরী লেখেন, ‘ভালবাসা, আনন্দ, সুস্বাস্থ্য, সুখ ও হাসিতে ভরে উঠুক জীবন।’
বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল অনুপম খের ও কিরণ খেরের সম্পর্ক। চণ্ডীগড়ের ভারতীয় নাট্য বিভাগে পড়ার সময় তাঁদের প্রথম আলাপ। একসঙ্গে নাটকে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে। পরে কলকাতায় নাটকের সফরেই সেই বন্ধুত্ব বদলে যায় ভালবাসায়। ১৯৮৫ সালের ২৬ আগস্ট গুরগাঁওয়ের এক আশ্রমে বিয়ে করেন তাঁরা। দেখতে দেখতে চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাঁদের সম্পর্কের সেই বন্ধুত্ব, ভালবাসা ও পারস্পরিক সম্মান আজও যেন একই রকম উজ্জ্বল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *