বাংলা পেরিয়ে এ বার ‘খিলাড়ি’র সঙ্গে বড় পর্দায় রুক্মিণী! কেমন হতে চলেছে নতুন ইনিংস?
বাংলার গণ্ডি পেরিয়ে বলিউডে পা রেখেছিলেন ‘সনক’-এর হাত ধরে। এ বার কি সেই রুক্মিণী মৈত্রর সামনে খুলে যাচ্ছে আরও বড় দরজা? খবর অনুযায়ী, অক্ষয় কুমারের পরবর্তী সায়েন্স-ফিকশন অ্যাকশন থ্রিলার ‘সামুক’-এ গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্মাতাদের পছন্দের তালিকায় রয়েছেন বাঙালি অভিনেত্রী। অক্ষয়ের বিপরীতে তাঁকে দেখা যেতে পারে বলেও জোর জল্পনা তৈরি হয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
কণিষ্ক বর্মা পরিচালিত ‘সামুক’ তৈরি হচ্ছে সায়েন্স ফিকশন, অ্যাকশন ও সারভাইভালের মিশেলে। ছবির গল্পে থাকবে বেঁচে থাকার লড়াই, আর তার সঙ্গে বড় মাপের অ্যাকশনের আয়োজন। প্রযোজনায় রয়েছেন বিপুল অমৃতলাল শাহ ও আশিন এ শাহ। দীর্ঘদিন পর অক্ষয় ও বিপুলের ফের একসঙ্গে কাজ করার কারণেও ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। রুক্মিণীর ক্ষেত্রে এই ছবির গুরুত্ব আলাদা। ২০২১ সালে বিদ্যুৎ জামালের সঙ্গে ‘সনক’-এ অভিনয়ের মাধ্যমে হিন্দি ছবিতে অভিষেক হয়েছিল তাঁর। তারপর থেকে মুম্বইয়েই কাজের পরিসর বাড়িয়েছেন অভিনেত্রী। এ বার ‘সামুক’-এর মতো বড় বাজেটের ছবিতে অক্ষয়ের সঙ্গে কাজের সুযোগ মিললে তা নিঃসন্দেহে তাঁর কেরিয়ারে নতুন মাত্রা যোগ করবে।
সূত্রের খবর, ছবির চরিত্রটির জন্য এমন একজন অভিনেত্রীকে খুঁজছিলেন নির্মাতারা, যাঁর ব্যক্তিত্বের পাশাপাশি পর্দায় উপস্থিতিও নজর কাড়বে। সেই কারণেই রুক্মিণী তাঁদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। ছবির পরিসরও বেশ বড়। আন্তর্জাতিক মানের কলাকুশলীদের যুক্ত করা হয়েছে প্রজেক্টটির সঙ্গে। ‘এলিয়েন’ ও ‘প্রেডেটর’-এর মতো ছবিতে কাজ করা ক্রিয়েচার ইফেক্টস ডিজাইনার অ্যালেক গিলিস ছবির এলিয়েন চরিত্রটির নকশা তৈরি করেছেন। ব্রিটিশ অ্যাকশন ডিরেক্টর লুক টাম্বারও রয়েছেন টিমে। ইতিমধ্যেই যুক্তরাজ্যে শুরু হয়েছে শুটিং।
অন্যদিকে, বাংলাতেও ব্যস্ত রুক্মিণী। দেবের প্রযোজনা ও অভিনয়ের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। সেই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। এর মধ্যেই বলিউডের বড় পর্দায় অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা তাঁর কেরিয়ারে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই-‘সামুক’-এর পর্দায় সত্যিই কি অক্ষয়ের পাশে দেখা যাবে রুক্মিণীকে? ভক্তরা আপাতত অপেক্ষায়। ছবি সৌজন্যে এক্স হ্যান্ডল (Photo courtesy: X handle)
