‘নেপাল, তুমি একা নও’,নেপালের বন্যায় দুর্গতদের পাশে সোনু সুদ

0



বন্যার জলে ভেসে গিয়েছে ঘর, জলের তলায় তলিয়েছে হাজার প্রাণ,হারিয়েছে আপনজন, থমকে গিয়েছে অসংখ্য মানুষের জীবন। ভয়াবহ বিপর্যয়ের সেই কঠিন সময়ে নেপালের মানুষের পাশে দাঁড়াতে এ বার সরাসরি সেখানে পৌঁছে গেলেন অভিনেতা সোনু সুদ। পর্দার ‘হিরো’ হওয়ার বাইরেও মানুষের পাশে দাঁড়ানোই তাঁর আসল পরিচয়। তবে শুধু ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহসও জুগিয়েছেন অভিনেতা।

নেপালে পৌঁছনোর পর স্থানীয়দের সঙ্গে ছবি পোস্ট করেও দুর্গতদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন সোনু। তিনি লেখেন, “ওরা নিজেদের ঘর হারিয়েছে , পরিবার, শৈশব… কিন্তু আমরা একসঙ্গে ওদের নতুন করে শুরু করতে সাহায্য করব। নেপাল, তুমি একা নও।” প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে কাঠমান্ডুতে পৌঁছেই দুর্গতদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের কাজে নেমে পড়েছেন তিনি। ত্রাণশিবিরে গিয়ে স্বজনহারা শিশুদের সঙ্গে দেখা করে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা।

একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান,”আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে এসেছি। ভারত থেকে প্রচুর সামগ্রী নিয়ে এসেছি। যাঁদের প্রয়োজন, তাঁদের পাশে থাকতে চাই এবং তাঁদের জীবনকে ফের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা করব।” তিনি আরও বলেন, “এটা প্রত্যেকের দায়িত্ব, নিজের জায়গা থেকে যতটা সম্ভব সাহায্য করা। আমাদের কাছে প্রচুর কম্বল ও খাবার রয়েছে। তাঁরা ঠিক কী কী চাইছেন, সেটাও আমরা জানতে চাইছি। ভারত থেকে নেপালে ত্রাণ পাঠানো কিছুটা কঠিন, কারণ এর জন্য অনেক মানুষের প্রয়োজন হয়। তবে শুধু এই মাসেই নয়, আগামী মাসগুলিতেও যাতে ত্রাণ পৌঁছয়, তা আমরা নিশ্চিত করব।”



ত্রাণশিবিরে তাঁর দেখা একটি ছোট্ট মেয়ের কথাও তুলে ধরেন সোনু। তিনি জানান, আট-নয় বছরের ক্রিস্টিনা নামে এক শিশুর সঙ্গে তাঁর দেখা হয়। মেয়েটির ছোট ভাইও তার সঙ্গে ছিল। এত কিছু হারিয়েও মেয়েটি হাসিমুখে তাঁকে বলেছিল, “সব ঠিক হয়ে যাবে।”নেপালের পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন সোনু। তাঁর কথায়,” আমরা খুব ভাগ্যবান যে নিরাপদ জায়গায় আছি। আপনি যতই ব্যস্ত থাকুন, কিছুটা সময় বের করুন। যে পরিবারগুলি সবকিছু হারিয়েছে, তাদের কথা ভাবুন। নিজেদের দৈনন্দিন জীবন থেকে কিছুটা সময় ও সামর্থ্য তাঁদের জন্য দিন, যতটা পারেন সাহায্য করুন।” সরকারের উপর পুরো দায়িত্ব না ছেড়ে বিপর্যস্ত মানুষের পাশে প্রত্যেককে নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সোনু সুদ।

উল্লেখ্য, নেপালের ভয়াবহ দুর্যোগে ইতিমধ্যেই এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ প্রায় ৩,৯২৫ জন, তাঁদের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিক।পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এই অবস্থায় সোনু সুদের উদ্যোগ দুর্গত মানুষের জন্য যেন নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জোগাচ্ছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *