সৌরভের ওই কথার পরই সব ওলটপালট! এক সপ্তাহেই কেন ‘বিগ বস’ ছাড়তে হল অনিন্দ্যকে?
‘বিগ বস’-এর ঘরে ঢোকার পর থেকেই একটা প্রশ্ন ঘুরছিল- অনিন্দ্য সেনগুপ্ত কি সত্যিই এই খেলাটা খেলতে চাইছেন? উত্তরটা যেন বারবার মিলছিল তাঁর নিজের কথাতেই। কখনও বলছেন বাড়ি ফিরে যেতে চান, কখনও জানাচ্ছেন ব্যক্তিগত জীবনে সমস্যার কথা। আবার সায়কের সঙ্গে কথায় স্পষ্ট করে দিয়েছেন, মূলত টাকার প্রয়োজনেই ‘বিগ বস’-এ এসেছেন তিনি।
কিন্তু বিগ বসের ঘরে শুধু থাকা যায় না। খেলতে হয়, টাস্ক করতে হয়, অন্যদের সঙ্গে মিশতে হয়, নিজের মতামত জানাতে হয়। সেখানেই বারবার পিছিয়ে ছিলেন অনিন্দ্য। ইন্ট্রোভার্ট। অন্যরা যখন টাস্কে ব্যস্ত, তখন তাঁকে অনেক সময় দূরে থাকতে দেখা গিয়েছে। এমনকী মাঝরাতে গুরুত্বপূর্ণ টাস্ক চলার সময়ও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। আর এই দৃশ্যই যেন শেষ প্রশ্নটা তুলে দিয়েছিল- অনিন্দ্য কি আদৌ এই খেলার জন্য তৈরি?
শনিবার ‘দাদার দরবার’-এ সেই প্রশ্নের মুখোমুখি হলেন খোদ অনিন্দ্য। সৌরভ গঙ্গোপাধ্যায় সরাসরি জানতে চাইলেন, কেন তিনি এত চুপচাপ? কেন অন্যদের মতো খেলায় নিজেকে জড়াচ্ছেন না? সেখানেই দাদা জানিয়ে দেন, দর্শকের চোখে অনিন্দ্য এই ঘরে থাকার যোগ্যতা এখনও দেখাতে পারেননি। শুধু দর্শক নয়, সৌরভও সেই মতের সঙ্গে একমত। তারপরই আসে সেই কঠিন মুহূর্ত—ঘর ছাড়ার নির্দেশ।
অনিন্দ্যও কোনও তর্কে গেলেন না। মাথা পেতে নিলেন দাদার সিদ্ধান্ত। কিন্তু ঘরের সবাই কি তা মেনে নিতে পারলেন? না।
ক্যাপ্টেন ভরত কল অনিন্দ্যকে আরও একটি সুযোগ দেওয়ার আবেদন করেন। আবেগ সামলাতে না পেরে চোখের জলও ফেলেন। কিন্তু দাদার সিদ্ধান্ত তখন প্রায় চূড়ান্ত।
বিদায়ের আগে সৌরভের কথাতেও ছিল অন্য সুর। শুধু টাকার জন্য কোনও কাজ করলে সাফল্য নাও আসতে পারে। বরং কাজটাকে ভালবেসে করতে পারলে অর্থ এমনিতেই আসবে—অনিন্দ্যকে যেন জীবনেরই একটা বড় শিক্ষা দিয়ে গেলেন দাদা।
এক সপ্তাহেই শেষ অনিন্দ্যর সফর। কিন্তু এখানেই কি গল্প শেষ? নাকি তাঁর জায়গা পূরণ করতে আসছে এমন কেউ, যে প্রথম দিন থেকেই ঘরের হিসাবটাই বদলে দেবে?
কেউ বলছেন জীতু কমল ঢুকবেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে। তাঁর নাম অবশ্য অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছিল। ঘটনা সত্যি হলে নিঃসন্দেহে ঘরের উষ্ণতার পারদ চড়বে লাফিয়ে। আবার কারোর মতে অসুস্থতা কাটিয়ে সুপ্রিয়া দেবীর নাতি শন বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়তে পারেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে। যদিও প্রথম থেকেই এই শো-তে থাকার গুঞ্জন ছিল তীব্র। অবশেষে তা হলে শন-সৃজলা কি জুটি বেঁধে খেলা জমিয়ে দেবেন আবার? না বিগ বস চমকে দিয়ে এমন একজনকে নিয়ে আসবেন ঘরে যে উল্টে দেবে দাবার সব চাল।
ওয়াইল্ড কার্ডে কে আসছেন—এখন ‘বিগ বস বাংলা’-র ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন সেটাই।
ছবি সৌজন্যে স্টার জলসা ও বিগ বস বাংলা ফেসবুক (Photo courtesy: Star Jalsha and Bigg Boss Bangla Facebook)
