২ বছরের দুয়া, এ বার দিদি! সাদাকালো ছবিতে প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প, মুখ ঢেকে দুষ্টুমি দুয়ার!
দু’বছরের জন্মদিনেই জীবনের সবচেয়ে বড় ‘প্রমোশন’! ছোট্ট দুয়া এবার শুধু দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের আদরের মেয়ে নয়, ‘দিদি’ হওয়ার পথেও। আর সেই খবরই মিলল জন্মদিনের ছবিতে। মেয়ের বিশেষ দিনে একগুচ্ছ সাদাকালো ছবি পোস্ট করলেন তারকা দম্পতি। আর সেই ফ্রেমে দীপিকার বেবি বাম্প প্রকাশ্যে আসতেই নতুন অতিথিকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে। দুয়ার দ্বিতীয় জন্মদিন যেন হয়ে উঠল একসঙ্গে দুই সুখবরের উদযাপন। একদিকে দু’বছরের ছোট্ট মেয়ের খুনসুটি, অন্যদিকে দীপিকার মাতৃত্বের নতুন অধ্যায়ের স্পষ্ট আভাস। কোনও ছবিতে মা-বাবার মাঝে দাঁড়িয়ে মুখ ঢেকে দুষ্টুমি করছে দুয়া, আবার কোনও ফ্রেমে রণবীরের সঙ্গে দীপিকার বেবি বাম্পে হাত রেখে ধরা দিয়েছে সে। যেন ক্যামেরার সামনে দিয়েই নিজের নতুন পরিচয়ের জানান দিল ছোট্ট দুয়া- এবার সে ‘দিদি’!
একটি ছবিতে রণবীরকে দেখা গিয়েছে দীপিকার পাশে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে। স্ত্রীকে আলতো করে জড়িয়ে তাঁর বেবি বাম্পে হাত রেখেছেন অভিনেতা। দু’জনের কপাল ছুঁয়ে রয়েছে একে অপরের সঙ্গে। সাদা লেসের পোশাকে দীপিকাকে যেমন অপূর্ব দেখিয়েছে, তেমনই সাদা শার্ট ও ট্রাউজার্সে রণবীরের সাজেও ছিল সাবেকি ছোঁয়া। তবে অ্যালবামের আসল আকর্ষণ ছোট্ট দুয়া। কোথাও বাবা-মায়ের মাঝে দাঁড়িয়ে মুখ ঢেকে আহ্লাদ, কোথাও আবার বাবার কোলে আদুরে মুহূর্ত। একটি ছবিতে দীপিকা ও রণবীরের মাঝখানে দাঁড়িয়ে থাকা দুয়াকে দেখা গিয়েছে। আর সেই ছবিগুলিই যেন বলে দিচ্ছে, পরিবারে খুব শিগগিরই আসতে চলেছে আরও এক খুদে সদস্য।
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম সন্তান দুয়ার জন্মের পর থেকেই মেয়েকে প্রচারের আলো থেকে অনেকটাই দূরে রেখেছেন দীপিকা ও রণবীর। তাই দুয়ার দ্বিতীয় জন্মদিনে পরিবারের এমন অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ্যে আসা অনুরাগীদের কাছে নিঃসন্দেহে বিশেষ। তার উপর সেই ছবিতেই দীপিকার বেবি বাম্প-সব মিলিয়ে জন্মদিনের অ্যালবাম হয়ে উঠেছে নতুন জল্পনার কেন্দ্র। ছবিগুলি শেয়ার করে দীপিকা-রণবীর লিখেছেন, বেবি দুয়া এবং আমাদের হৃদয়—উভয়ই বড় হচ্ছে। আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ। এই বার্তাতেই যেন লুকিয়ে রয়েছে তাঁদের নতুন সুখবরের আভাস। অনুরাগীরাও তাই দুয়াকে জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন অতিথির জন্য শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা দম্পতিকে।
দুয়ার আগমনের পর প্রায় দু’বছর কাটতে না কাটতেই ফের বাড়তে চলেছে পাড়ুকোন-সিং পরিবার। তবে মাতৃত্বের নতুন অধ্যায়ের মাঝেও কাজ থামাননি দীপিকা। শাহরুখ খান ও সুহানা খানের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে তাঁকে। পাশাপাশি আল্লু অর্জুন ও অ্যাটলির বহুল প্রতীক্ষিত বিজ্ঞানভিত্তিক অ্যাকশন ছবিতেও রয়েছেন অভিনেত্রী। অন্যদিকে, রণবীরও ব্যস্ত তাঁর পরবর্তী ছবির কাজে। অর্থাৎ বাড়িতে নতুন অতিথির অপেক্ষা, আর বাইরে একের পর এক কাজ—দু’দিকই সামলে এগোচ্ছেন বলিউডের এই তারকা দম্পতি।

ছবি সৌজন্যে রণবীর সিং-এর ইনস্টাগ্রাম প্রোফাইল
