গণেশের আরাধনায় টলিউড! রুক্মিনীর অনুপস্থিতিতে দেব একা – রাজের পাশে শুভশ্রী!
গণেশ চতুর্থীর আবহে মুম্বই থেকে কলকাতা, উৎসবের রঙে মেতেছেন তারকারাও। বলিউডের পাশাপাশি টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের বাড়িতেও এ দিন দেখা গেল গণপতির আরাধনা। কেউ পরিবারের সঙ্গে পুজোয় বসলেন, কেউ আবার একান্ত ঘরোয়া আয়োজনে প্রার্থনায় মগ্ন হলেন। সেই ছবিই ধরা পড়ল তারকাদের সমাজমাধ্যমের পাতায়।
প্রতি বছরের মতো এ বারও গণেশ পুজোয় শামিল হলেন জিৎ। হালকা হলুদ পাঞ্জাবিতে সেজে গণেশের সামনে প্রার্থনায় বসেন অভিনেতা।

পুজোর মুহূর্তের ছবি ভাগ করে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্য কামনা করেছেন তিনি। জিতের পুজোয় ছিল একেবারে ঘরোয়া আবহ। অন্য দিকে, গণেশ চতুর্থীর দিনে নিজের পুজোয় ব্যস্ত ছিলেন দেবও। সাদা পাঞ্জাবিতে গণেশের সামনে আরতি করতে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন তাঁর বাবা। পুজোর মুহূর্তে বাবা-ছেলের এই ছবিও নজর কেড়েছে। ছোটবেলার একটা বড় সময় মুম্বইয়ে কেটেছে দেবের। সেখানকার গণেশ উৎসবের স্মৃতি তাঁর কাছে আলাদা আবেগের। তাই কলকাতাতেও এই পুজো ঘিরে তাঁর উৎসাহ বরাবরই চোখে পড়ে। তবে এ বারের ছবিতে দেবের পাশে দেখা যায়নি রুক্মিণী মৈত্রকে। রুক্মিনীকে দেবের পাশে দেখা না গেলেও, গণেশ পুজোয় অবশ্য একসঙ্গে ছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাড়ির পুজোয় স্বামীর পাশে বসে গণেশের আরাধনা করেন শুভশ্রী।

রাজের পরনে ছিল সাদা পাঞ্জাবি, শুভশ্রীকে দেখা যায় লাল পোশাকে। সঙ্গে ছিল তাঁদের মেয়ে ইয়ালিনি। ছোট্ট মেয়েকে ঘিরে বাবা-মায়ের পুজোর মুহূর্তও হয়ে ওঠে বেশ মিষ্টি। এ দিনের উৎসবের ছবিতে টলিউডের তারকাদের ভক্তির পাশাপাশি ধরা পড়ল পরিবারের সঙ্গে সময় কাটানোর উষ্ণতাও। পর্দার ঝলকানি সরিয়ে গণেশের সামনে তাঁদের এই সহজ, ঘরোয়া মুহূর্তই এখন অনুরাগীদের নজরে।ছবি ফেসবুক থেকে সংগৃহীত

(Image collected from Facebook)
