প্রকৃতির রোষে নেপাল,পাশে সল্টলেকের বিসি ব্লকের ‘জীয়ন কাঠি’

0


প্রকৃতি যখন জীবন কেড়ে নেয়, তখন মানুষের সহমর্মিতাই হয়ে উঠতে পারে সেই ‘জীয়ন কাঠি’ যা বিপন্ন মানুষের মনে ফিরিয়ে আনতে পারে আশার আলো। সেই বার্তা নিয়েই কঠিন সময়ে নেপালের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল কলকাতার সল্টলেকের বিসি ব্লক আবাসিক সমিতির দুর্গাপুজো। প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত নেপাল।বন্যার জেরে অনিশ্চয়তায় বহু মানুষের জীবন-জীবিকা।তাই সল্টলেকের বিসি ব্লক পুজোয় সুবর্ণজয়ন্তী বর্ষে এবারের ভাবনা ‘জীয়ন কাঠি’। প্রকৃতি, জীবন ও মানবিকতার এই ভাবনাকে শুধু মণ্ডপে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে উদ্যোক্তারা।

বাংলার লোককথায় ‘জীয়ন কাঠি’ এমন এক জাদুকাঠি, যা মৃতকে ফিরিয়ে দেয় জীবন। তবে বিসি ব্লকের কাছে এবারের ‘জীয়ন কাঠি’ কোনও পৌরাণিক বস্তু নয়। এটি মানুষের বিবেক, সহমর্মিতা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর প্রতীক।নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সেই উদ্যোগের অংশ হিসেবে নেপালের দূতাবাসে গিয়ে সৌজন্য অনুদান তুলে দেন বিসি ব্লক দুর্গাপুজোর প্রধান পৃষ্ঠপোষক দেবাশিস সাহা। নেপালের মানুষের প্রতি শুভেচ্ছা ও সংহতির বার্তাও তুলে ধরা হয় এই উদ্যোগের মাধ্যমে।

অনুদান গ্রহণ করেন ভারতে অবস্থিত নেপাল দূতাবাসের অর্থনৈতিক মন্ত্রী তারানাথ অধিকারী এবং অর্থনৈতিক পরামর্শদাতা রবীন্দ্র জং থাপা।
বিসি ব্লক দুর্গাপুজোর প্রধান পৃষ্ঠপোষক দেবাশিস সাহার কথায়,”জীয়ন কাঠি শুধু লোককথার সেই জাদুকাঠি নয়, এর আসল অর্থ মানুষের বিবেক ও সহমর্মিতা। সুবর্ণজয়ন্তী বর্ষে পুজোর প্রকৃতিকেন্দ্রিক ভাবনাকে মণ্ডপের বাইরে মানুষের জীবনের সঙ্গে যুক্ত করতেই নেপালের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ।”

এবারের পুজোর মণ্ডপেও প্রকৃতি ও মানুষের সম্পর্কের সেই বার্তা তুলে ধরা হচ্ছে। বাঁশ, সরকাঠি, খড়, শুকনো ডাল, মাটি-সহ বিভিন্ন প্রাকৃতিক ও দেশীয় উপকরণ ব্যবহার করে তৈরি হচ্ছে মণ্ডপসজ্জা। এর মধ্য দিয়ে মানুষের সঙ্গে প্রকৃতির গভীর সম্পর্ক এবং প্রকৃতির প্রতি মানুষের দায়িত্বের কথাই তুলে ধরা হচ্ছে।
বিসি ব্লকের সুবর্ণজয়ন্তীর এই পুজো তাই শুধু ৫০ বছরের উদযাপন নয়। ‘জীয়ন কাঠি’র ভাবনায় উঠে আসছে আরও বড় এক প্রশ্ন প্রকৃতির উপর আধিপত্য নয়, তার সঙ্গে সহাবস্থানই কি মানুষের আসল দায়িত্ব? নেপালের বিপর্যয়ের সময়ে সেই প্রশ্নের উত্তরই যেন কাজের মাধ্যমে দেওয়ার চেষ্টা  করছেন বিসি ব্লক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *