‘ভাল ছবি বানাচ্ছি,যাতে মনটা ভরে যায়’, শাহরুখের ‘কিং’ নিয়ে বড় ঘোষণা, কবে মুক্তি?

0



শাহরুখ খানের ছবি মানেই তাঁর অনুরাগীদের কাছে উৎসবের আমেজ।চলতি বছরের শেষের দিকেই মুক্তি পাওয়ার কথা শাহরুখ খান অভিনীত ছবি ‘কিং’।তবে ছবির মুক্তি পিছিয়ে যেতে পারে তা নিয়েই চলছিল জল্পনা। এ বার সেই জল্পনায় জল ঢাললেন খোদ বলিউডের বাদশাহ অর্থাৎ শাহরুখ খান নিজেই। মঙ্গলবার এক্স-এ ‘আস্ক মি এনিথিং’ পর্বে অভিনেতা স্পষ্ট জানান, নির্ধারিত সময়েই প্রেক্ষাগৃহে আসছে ‘কিং’। আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬-এই মুক্তি পাবে ছবিটি।

এক অনুরাগী শাহরুখকে ছবির মুক্তির কথা জানতে চেয়ে লেখেন,”স্যার কিং-এর কিছু আপডেট দিন… তিন বছর আগে শেষবার আপনাকে প্রেক্ষাগৃহে দেখেছি… আর কত অপেক্ষা করাবেন একটা ট্রেলারের জন্য?” সেই প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন,”এ বার ছবি দেখুন। অপেক্ষা করাচ্ছি না, ভাল একটা ছবি বানাচ্ছি, যাতে মনটা ভরে যায়। সবই আসবে ২৪ ডিসেম্বরের আগে।” ছবির শুটিং চলাকালীন একাধিক চোটও পেয়েছেন শাহরুখ। সেই কারণে বেশ কয়েকবার শুটিং বন্ধ রেখে আবার শুরু করতে হয়েছিল বলে জানান অভিনেতা। তাঁর কথায়, “এখন সমস্ত চোট ঠিক হয়ে গিয়েছে এবং ছবির কাজ প্রায় শেষের পথে।”

‘কিং’-এ দর্শকরা কী দেখতে পাবেন, সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন শাহরুখ। অ্যাকশন, গান, সহ-অভিনেতাদের পাশাপাশি নিজের নতুন লুক, এমনকি চুল নিয়েও বিশেষভাবে পরিশ্রম করেছেন বলে জানান তিনি।সিদ্ধার্থ আনন্দ পরিচালিত  ‘কিং’ একটি অ্যাকশন থ্রিলার। ‘ডানকি’-র পর এই ছবির হাত ধরেই বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাঁর মেয়ে সুহানা খান। এছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। খবর, বহু বছর পর অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়ের পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন। তাই ছবির মুক্তি নিয়ে উত্তেজনা তুঙ্গে অনুরাগীদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *