রাতে নন্দিনীর সঙ্গে ঘনিষ্ঠতা, পরক্ষণেই লাথি! সৃজলার সঙ্গে তুমুল অশান্তি! রাজবীরের ‘ডবল ধাক্কা’

0


‘বিগ বস বাংলা’র ঘরে রাজবীর দে-কে ঘিরে যেন প্রতিদিনই নতুন গল্প। কখনও নন্দিনী দত্তর সঙ্গে ঘনিষ্ঠতা, কখনও আবার সৃজলা গুহর সঙ্গে তীব্র ঝগড়া। একই দিনে দুই আলাদা ঘটনায় ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন এই মডেল-অভিনেতা। একদিকে রাতের অন্ধকারে নন্দিনীর সঙ্গে একই কম্বলের তলায় খুনসুটি, অন্যদিকে জামাকাপড় নিয়ে সৃজলার সঙ্গে এমন ঝামেলা যে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হল তাঁকে। গণেশ চতুর্থীর রাতে আলো নিভতেই রাজবীর ও নন্দিনীকে পাশাপাশি দেখা যায়। দু’জনের মধ্যে চলছিল ফিসফিস করে কথাবার্তা ও মজা। ঘরের অন্য সদস্যদের নজরও স্বাভাবিক ভাবেই সেদিকে ছিল। কিন্তু ঘনিষ্ঠ মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয়নি। নন্দিনী রাজবীরকে স্পষ্ট করে জানান, তাঁদের সম্পর্ক বন্ধুত্বের হোক বা অন্য কিছু, তা প্রকাশ্যে এমন ভাবে দেখাতে তিনি স্বচ্ছন্দ নন। বিশেষ করে বাড়ির বড়দের সামনে এ ধরনের খুনসুটি তাঁর পছন্দ নয়।
রাজবীর অবশ্য পাল্টা যুক্তি দেন, প্রথমে কে এই ঘনিষ্ঠতা শুরু করেছেন, সেই প্রশ্নই তোলেন তিনি। কথার ফাঁকে ফাঁকেই চলতে থাকে মজা। একসময় নন্দিনীর পায়ের দিকে মাথা দিয়ে শুয়ে পড়েন রাজবীর। আর তাতেই ঘটে অপ্রত্যাশিত কাণ্ড। নন্দিনীর এক লাথিতে খাট থেকে নীচে পড়ে যান রাজবীর! মুহূর্তেই ঘরের সেই ‘রোম্যান্টিক’ আবহ বদলে যায় হাসি-ঠাট্টায়। তবে নন্দিনীকে ঘিরে এই খুনসুটির বাইরে রাজবীরের দিনটা মোটেই মসৃণ ছিল না। বাথরুম পরিষ্কার করার দায়িত্ব ছিল তাঁর। সেখানে পড়ে থাকা কিছু জামাকাপড় তুলে লিভিং এরিয়ায় নিয়ে আসেন তিনি। পরে জানা যায়, পোশাকগুলি সৃজলার। নিজের অনুমতি ছাড়াই জামাকাপড় সরানোয় ক্ষুব্ধ হন অভিনেত্রী। শুরু হয় তুমুল তর্ক। সৃজলা স্পষ্ট করে জানান, ব্যক্তিগত পোশাক নিয়ে এভাবে সিদ্ধান্ত নেওয়া তাঁর কাছে অসম্মানের। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে ক্যাপ্টেন সোহিনী পাল এগিয়ে আসেন। সৃজলার পাশে দাঁড়িয়ে কথা বলেন ভরত কলও। অন্যদিকে রাজবীরকে সমর্থন করেন নন্দিনী। তাঁর যুক্তি, আগে থেকেই ওই জায়গায় পোশাক পড়ে থাকতে দেখা গিয়েছিল, তাই বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পরে রাজবীরের সঙ্গে আলাদা করে কথা বলেন জীতু কমল। ধীরে ধীরে নিজের অবস্থান বুঝতে পারেন রাজবীরও। শেষ পর্যন্ত সৃজলার কাছে গিয়ে ক্ষমা চান তিনি। ফলে একদিকে নন্দিনীর সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা, অন্যদিকে সৃজলার সঙ্গে সংঘাত- সব মিলিয়ে ‘বিগ বস বাংলা’র ঘরে রাজবীরকে ঘিরে উত্তেজনা যে আরও বাড়ছে, তা বলাই যায়। ছবি ফেসবুক থেকে সংগৃহীত( Image collected from Facebook)

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *