ধুরন্ধর নয়, অস্কারের দৌড়ে ভারতের ‘গোন্ধল’! ৩৩ ছবিকে টপকে মারাঠি চমক
অস্কারের দৌড়ে শেষ পর্যন্ত চমকই দিল আঞ্চলিক সিনেমা। বলিউডের একাধিক বড় ছবিকে পিছনে ফেলে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের সরকারি এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে মারাঠি ছবি ‘গোন্ধল’। সন্তোষ দাভাখর পরিচালিত এই ছবিকে ৩৩টি ছবির মধ্যে থেকে বেছে নিয়েছে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাচকমণ্ডলী। ২০২৭ সালের অস্কারে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের হয়ে লড়বে এই মারাঠি ছবি। এই ঘোষণার আগে অস্কারের সম্ভাব্য তালিকা নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে জল্পনা ছিল বিস্তর। ‘ধুরন্ধর’, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, ‘হনুমান অংশ’, ‘১২০ বাহাদুর’, ‘ইক্কিস’, ‘বর্ডার ২’-এর মতো ছবিও ছিল বিবেচনায়। কিন্তু শেষ হাসি হাসল তুলনায় কম আলোচনায় থাকা ‘গোন্ধল’। ৩৩টি ছবির মধ্যে ছিল হিন্দি, মারাঠি, তেলুগু, তামিল, গুজরাতি, মালয়ালম, নাগামিজ-সহ বিভিন্ন ভাষার ছবি।
কী আছে ‘গোন্ধল’-এ? গ্রামীণ মহারাষ্ট্রের পটভূমিতে তৈরি এই ছবির গল্প আবর্তিত হয়েছে এক রাতকে ঘিরে। কেন্দ্রীয় জায়গায় রয়েছে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী ‘গোন্ধল’ লোকশিল্প—যেখানে গান, নাচ, সঙ্গীত ও পৌরাণিক কাহিনির মিশেল দেখা যায়। সেই সাংস্কৃতিক আবহের মধ্যেই এগোয় সম্পর্ক, টানাপোড়েন, চক্রান্ত এবং রহস্যে মোড়া গল্প। ছবিটির অন্যতম আকর্ষণই হল স্থানীয় সংস্কৃতিকে থ্রিলারের আবহে তুলে ধরা। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইশিতা দেশমুখ, কিশোর কদম, যোগেশ সোহনি, নিশাদ ভোইর এবং অনুজ প্রভু। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও আগেই নজর কেড়েছে ‘গোন্ধল’। ২০২৫ সালের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় সন্তোষ দাভাখর সেরা পরিচালকের জন্য সিলভার পিকক পুরস্কার পান।
‘গোন্ধল’-এর হাত ধরে অস্কারে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেল মারাঠি সিনেমা চতুর্থবার। এর আগে ‘শ্বাস’ (২০০৫), ‘হরিশ্চন্দ্রাচি ফ্যাক্টরি’ (২০০৯) এবং ‘কোর্ট’ (২০১৫) ভারত থেকে সরকারি এন্ট্রি হিসেবে অস্কারের দৌড়ে গিয়েছিল। তবে সরকারি এন্ট্রি হওয়া মানেই অস্কারের চূড়ান্ত মনোনয়ন নয়। এবার ‘গোন্ধল’ আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের বাছাই প্রক্রিয়ায় থাকবে। সেখান থেকে প্রথমে ১৫টি ছবির শর্টলিস্ট এবং পরে পাঁচটি চূড়ান্ত মনোনয়ন বেছে নেওয়া হবে। ভারত এখনও পর্যন্ত সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অস্কার জিততে পারেনি। ‘মাদার ইন্ডিয়া’, ‘সালাম বম্বে’ এবং ‘লগান’- এই তিন ভারতীয় ছবি চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল। এ বার সেই অপেক্ষা ঘোচানোর দৌড়ে নতুন নাম ‘গোন্ধল’। ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৪ মার্চ, লস অ্যাঞ্জেলেসে। ছবি সৌজন্যে এক্স হ্যান্ডল

(Image courtesy: X handle)
