‘রামায়ণ’-এর সেটে আচমকা আগুন,ক্ষয়ক্ষতির পরিমাণ কত ?

0



বড়সড় দুর্ঘটনা ‘রামায়ণ’-এর সেটে। রণবীর কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর সেটে আগুন। ৪০০০ কোটির মেগাবাজেটের ছবি দুর্ঘটনার কবলে পড়তেই ভক্তরা চিন্তিত। তবে কীভাবে হল ঘটল এই বিপদ ? কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ছবির নির্মাতারা ? ইতিমধ্যেই প্রশ্ন উঠছে অনেক ।

মুম্বইয়ের প্রাইম ফোকাস স্টুডিয়োয় চলছে ‘রামায়ণ’-এর শুটিং। একই জায়গায় আরও বেশ কয়েকটি ধারাবাহিক ও ছবির কাজও চলছে। আচমকা স্টুডিয়োর বাইরে থাকা একটি তাঁবু থেকে ধোঁয়া ও আগুন বেরোতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয় শুটিং চত্বরে। তবে আগুন সেটের দিকে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়। তাই শুটিংয়ে থাকা শিল্পী বা কর্মীদের কারও ক্ষতি হয়নি।

তবে এই ঘটনার নেপথ্যে গাফিলতির অভিযোগ উঠেছে। সূত্রের খবর, কিছুদিন আগেই কাছাকাছি একটি শুটিং লোকেশনে আগুন লাগার পর সমস্ত প্রযোজকদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সেই সতর্কবার্তার পরেও ‘রামায়ণ’-এর সেটে আগুন লাগায় প্রশ্ন উঠছে শুটিং সেটের নিরাপত্তা নিয়ে। বি এন তিওয়ারির কথায়, “কেউ আহত হননি, ক্ষয়ক্ষতিও সামান্য। তবে এই ঘটনা সকলের জন্য সতর্কবার্তা।”

প্রাথমিক আতঙ্ক কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের কাজ শুরু হয়। অর্থাৎ এই আগুনের ঘটনায় ‘রামায়ণ’-এর শুটিং দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখতে হয়নি। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শুটিংও স্বাভাবিক ছন্দে ফিরেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ‘রামায়ণ’ নিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে। কয়েকদিন আগেই ছবির প্রথম পর্বের নাম এবং মুক্তির দিন ঘোষণা করেছিলেন নির্মাতারা। প্রথম পর্বের নাম রাখা হয়েছে ‘রামায়ণ : রাইজ অফ আ লেজেন্ড’। আগামী ৬ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। হিন্দি ও ইংরেজি ভাষায় ছবিটি দেখানো হবে।

মুক্তির ঘোষণার সঙ্গে প্রকাশ্যে এসেছে ছবির নতুন পোস্টারও। সেই পোস্টারে এক মহাজাগতিক আবহে মুখোমুখি রণবীর কাপুরের রাম এবং যশের রাবণ। দুই চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে এক বিশাল পৌরাণিক আবহ। পোস্টারের সঙ্গে দেওয়া হয়েছে, “মানবজাতির সর্বশ্রেষ্ঠ কাহিনি এবার জীবন্ত হয়ে উঠছে।” তবে শুধু গল্প বা তারকা সমাবেশ নয়, দর্শকের জন্য বড় পর্দায় এক বিশেষ অভিজ্ঞতা তৈরি করার পরিকল্পনাও রয়েছে নির্মাতাদের। সাধারণ প্রেক্ষাগৃহের পাশাপাশি বৃহৎ পর্দার বিশেষ প্রদর্শন ব্যবস্থাতেও ছবিটি দেখানো হবে। ত্রিমাত্রিক প্রযুক্তির মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরা হবে রামায়ণের বিশাল পৌরাণিক জগৎ।

নীতেশ তিওয়ারি পরিচালিত এবং নমিত মালহোত্রা প্রযোজিত এই ছবিতে রাম-রাবণের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন একাধিক তারকা। সীতার চরিত্রে অভিনেত্রী সাই পল্লবী, লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে এবং হনুমানের চরিত্রে সানি দেওল। এছাড়াও রাজা দশরথের চরিত্রে অরুণ গোভিল এবং সূর্পনখার ভূমিকায় দেখা যাবে রাকুল প্রীত সিংকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *