বিয়ের প্রতিশ্রুতি, সম্পর্কের টানাপোড়েন, তারপর গ্রেফতার—জামিনও মিলল না অভিষেকের
ক্রিকেটের মাঠে উইকেটের পিছনে তাঁর উপর ভরসা রাখে বাংলা থেকে আইপিএল, এ বার সেই অভিষেক পোড়েলই পুলিশের জালে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাংলার এই উইকেটকিপার-ব্যাটারকে। মঙ্গলবার তাঁকে চুঁচুড়া আদালতের সিজেএম কোর্টে পেশ করা হলে জামিনের আবেদন খারিজ করে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে ১০ দিনের হেফাজত চাওয়া হয়েছিল।
অভিষেকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন কর্নাটকে ডাক্তারি পড়া এক তরুণী। গত ২৩ জুন মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে তিন বছর ধরে তাঁদের সম্পর্ক ছিল। বিয়ের সিদ্ধান্তও হয়েছিল বলে অভিযোগ। এমনকি দু’জনে একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন। পরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় বলে অভিযোগ তরুণীর।

অভিযোগের সূত্র ধরেই তদন্তে নামে মগরা থানার পুলিশ। বছর দেড়েক আগে দু’জনের মধ্যে সমস্যা তৈরি হয়ে তা থানায় পর্যন্ত গড়িয়েছিল। যদিও সে সময় কোনও অভিযোগ দায়ের হয়নি। চলতি বছরের ২৩ জুন তরুণীর অভিযোগের পর বিষয়টার গুরুত্ব খতিয়ে দেখতে মগরা থানায় যান হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুনওয়ার ভূষণ সিং। ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র এবং মগরা থানার আইসির সঙ্গেও আলোচনা হয়। এরপর তদন্ত শুরু করে পুলিশ। অভিষেকের চন্দননগরের বাড়িতেও একাধিকবার যায় পুলিশের দল। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। এরপর বেশ কিছুটা সময় কেটে গেলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারী তরুণী। আদালত পুলিশকে অভিষেককে গ্রেফতারের নির্দেশ দেয়। সেই নির্দেশের পর কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে মগরা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিষেকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৪(১), ৬৬, ৬৯, ৭৪, ৭৫(২), ৭৯, ১১৫(২), ১১৭(২), ১২৪(১), ১২৭(১), ১০৯, ৩০৮(২), ৩৫১(২), ৩৫১(৩), ৩১৬(২), ৩১৮(৩), ৬১(২) এবং ৩(৫) ধারা। পাশাপাশি তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ই এবং ৭২ ধারাতেও মামলা হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার পর মঙ্গলবার অভিষেককে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ফলে আগামী কয়েকদিন তদন্তকারীদের জেরার মুখে থাকতে হবে বাংলার এই ক্রিকেটারকে। মাঠে তিনি বাংলা দলের অন্যতম ভরসার নাম। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়েও উইকেটের পিছনে দায়িত্ব সামলেছেন অভিষেক। কিন্তু ক্রিকেটের পরিচিতির বাইরে এবার তাঁর বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ ঘিরেই শুরু হয়েছে আইনি প্রক্রিয়া। অভিযোগের সত্যতা কতটা, তদন্তেই তার উত্তর মিলবে।
