এই অবস্থায় অ্যাকশন দৃশ্য! আট ঘণ্টার কাজের সীমা ভুলে আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকার শুটিং !

0


মাতৃত্বের অপেক্ষা জীবনের অন্যতম সুন্দর অধ্যায়। সেই অপেক্ষার মাঝেও যদি ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, সামলাতে হয় কঠিন শুটিংয়ের চাপ—তবে লড়াইটা নিঃসন্দেহে আরও কঠিন। দীপিকা পাড়ুকোন যেন সেই কঠিন সময়কেই নিজের মতো করে সামলাচ্ছেন। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। আর সেই সময়েই কাজকে থামিয়ে না রেখে রাত-দিন এক করে শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। দীপিকার এই পেশাদারিত্বই এখন নতুন করে চর্চায় নেটপাড়ায়। সূত্রের খবর, বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা। সব ঠিক থাকলে সেপ্টেম্বরেই রণবীর সিং ও দীপিকার পরিবারে আসতে পারে দ্বিতীয় সন্তান। স্বাভাবিকভাবেই জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে বিশ্রাম নেওয়ার পরামর্শই হয়তো বেশি প্রাসঙ্গিক। কিন্তু হাতে থাকা কাজ যতটা সম্ভব শেষ করে তবেই মাতৃত্বের নতুন অধ্যায়ে মন দিতে চাইছেন অভিনেত্রী। তাই প্রয়োজন হলে গভীর রাত পর্যন্ত সেটে থাকতেও পিছপা হচ্ছেন না তিনি।
দীপিকার এই ছবি আরও বেশি চমকে দেয় তাঁর আগের সিদ্ধান্তের কথা মনে পড়লে। প্রথম সন্তান হওয়ার পর অভিনেত্রী জানিয়েছিলেন, কাজের ক্ষেত্রে সময়ের একটা সীমা রাখবেন। আট ঘণ্টার বেশি শুটিং না করার সিদ্ধান্তের কথাও সামনে এসেছিল। কিন্তু এবার পরিস্থিতি যেন অন্য কথা বলছে। অন্তঃসত্ত্বা অবস্থাতেও রাতের শিফটে কাজ করছেন তিনি। এমনকি কঠিন অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে অ্যাটলির ‘রাকা’ ছবির শুটিংয়ে ব্যস্ত দীপিকা। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। বড় বাজেটের এই ছবিতে রয়েছেন রশ্মিকা মন্দানা, জাহ্নবী কাপুর এবং ম্রুণাল ঠাকুরও। সব ঠিক থাকলে ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসতে পারে ছবিটি।


শুধু ‘রাকা’ নয়, শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ‘কিং’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দীপিকাকে। শাহরুখ ও দীপিকা ছাড়াও ছবিতে রয়েছেন সুহানা খান, রাঘব জুয়াল, অভয় বর্মা এবং সৌরভ শুক্লা। চলতি বছরের ডিসেম্বরেই ছবিটির মুক্তির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, ‘কিং’-এর শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন দীপিকা। ছবির কাজে তাঁকে আউটডোরেও যেতে হয়েছে। অথচ দ্বিতীয়বার মা হওয়ার আগে কাজের চাপ কমাতেই ‘স্পিরিট’ এবং ‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো বড় বাজেটের ছবি থেকে সরে দাঁড়ানোর খবর সামনে এসেছিল। এবার সেই দীপিকাকেই দেখা যাচ্ছে অন্য রূপে। মাতৃত্বের অপেক্ষা একদিকে, অন্যদিকে অসমাপ্ত কাজ শেষ করার তাগিদ-দুইয়ের মাঝেই নিজের পথ খুঁজে নিয়েছেন অভিনেত্রী।
প্রথমবার মা হওয়ার সময়ও কাজ থামাননি দীপিকা। ‘কল্কি ২৮৯৮ এডি’-র শুটিং চালিয়ে গিয়েছিলেন অন্তঃসত্ত্বা অবস্থাতেই। এবারও সেই একই জেদ। তবে এবার সামনে আরও বড় দায়িত্ব। তাই সেটে তাঁর এই লড়াই শুধুই একজন তারকার পেশাদারিত্বের গল্প নয়, বরং জীবনের দুই গুরুত্বপূর্ণ অধ্যায়কে একইসঙ্গে সামলে নেওয়ার চেষ্টার গল্পও। আর সেই কারণেই দীপিকার রাতজাগা শুটিং এখন শুধু বিনোদনের খবর নয়, হয়ে উঠেছে এক অন্যরকম আবেগের গল্প।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *