প্রাণনাশের হুমকি! নিশানায় সৌরভ-ডোনা! অরুণ কুমারের নাম ঘিরেও তৈরি হয়েছে নতুন রহস্য!
প্রথমে এসেছিল চিঠি। একবার নয়, বারবার। প্রায় ছয় মাস ধরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঠিকানায় পৌঁছচ্ছিল এমনই কিছু রহস্যময় চিঠি। বিষয়টি নিয়ে প্রথম দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু সোমবার আসা একটি চিঠি বদলে দিল গোটা পরিস্থিতি। চিঠির ভাষা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন সৌরভের দফতরের কর্মীরা। অভিযোগ, সেই চিঠিতে সৌরভ, তাঁর স্ত্রী ডোনা এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

চিঠিটি ইংরেজিতে লেখা এবং তাতে অত্যন্ত কড়া ভাষা ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি সৌরভের নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগকেও জানানো হয়েছে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা অরুণ কুমার নামে এক ব্যক্তির নাম ব্যবহার করে কুরিয়ারের মাধ্যমে চিঠিগুলি পাঠানো হচ্ছিল। কিন্তু সেই নামই এখন তদন্তে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। অরুণ কুমার নিজেই কি এই চিঠি পাঠাচ্ছেন? নাকি তাঁর নাম ব্যবহার করে আড়ালে থাকা অন্য কেউ এই কাজ করছে?
সবচেয়ে বড় প্রশ্ন, কেন সৌরভ এবং তাঁর পরিবার? তাঁদের লক্ষ্য করার পিছনে কি কোনও নির্দিষ্ট কারণ রয়েছে? নাকি শুধুই ভয় দেখানোর চেষ্টা? আপাতত উত্তর অজানা। কুরিয়ার সংস্থার তথ্য এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেই অজানা ব্যক্তির সন্ধানেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।
