ফ্ল্যাট দুর্নীতি মামলায় ইডির দপ্তরে নুসরত জাহান,সঙ্গে যশ,ভোটের আবহে উত্তাপ তুঙ্গে
রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটের দামামা।রাত পোহালেই শুরু হবে প্রথম দফার ভোট।এর মধ্যেই ফ্ল্যাট দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তলবে বুধবার সকালে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন অভিনেত্রী তথা বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরত জাহান।ভোটের আবহেই অভিনেত্রীর হঠাৎ করে ইডি দপ্তরে হাজিরা ঘিরে তৈরি হয়েছে নতুন আলোড়ন।
সূত্রের খবর,বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ টালিগঞ্জের বাড়ি থেকে বেরিয়ে ইডি দপ্তরের উদ্দেশে রওনা দেন নুসরত। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।প্রায় এক ঘন্টা পর সাড়ে দশটা নাগাদ তাঁরা সিজিও কমপ্লেক্সে পৌঁছান। গাড়ি থেকে নেমে দ্রুত ইডি দপ্তরে প্রবেশ করতে দেখা যায় নুসরতকে।সাদা রঙের একটি সালোয়ার পরে মুখের কিছুটা উদ্বেগ নিয়ে তাঁকে দপ্তরে ঢুকতে দেখা যায়।
খবর, ২০২৩ সালে রাজারহাটে যে ফ্ল্যাট প্রতারণার অভিযোগ উঠেছিল ,তাঁরই তদন্ত করছিল ইডি। যে সংস্থা ফ্ল্যাট তৈরি করছিল তাঁর অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরত জাহান।অভিযোগ,২০১৪-১৫ সালে ৪০০-র বেশি সাধারণ মানুষকে এক হাজার বর্গফুটের ফ্ল্যাট প্রতিশ্রুতি দিয়েছিল ওই সংস্থা।যার জন্য প্রচুর নাগরিকের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেওয়া হয়। কিন্তু টাকা নিয়ে আর কোনওদিন দেওয়া হয়নি সেই ফ্ল্যাট। ঘটনাটির জন্য আগেও নুসরতের নামে অভিযোগ আসলে প্রাক্তন সাংসদ সেই অভিযোগ অস্বীকার করেন।তবে তদন্ত জারি রাখার ফলে নতুন করে বেশ কিছু তথ্য ইডির হাতে আসে। আর সেই সূত্রেই অভিনেত্রীকে ডেকে পাঠানো হয়েছে।তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছিল বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।
তবে সোমবার জানা গিয়েছিল,রেশন দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে তলব করা হয়েছিল।করোনা পরিস্থিতিতে বাংলাদেশে একাধিক ট্রাকে রেশনের গম পাচার করা হত ,তদন্ত করতেই নাম উঠেছিল নুসরতের। পরে স্পষ্ট হয় ,এই হাজিরা মূলত ফ্ল্যাট দুর্নীতি মামলাকে কেন্দ্র করেই।ইডি সূত্রে খবর, নির্ধারিত দিনে কলকাতায় হাজিরা দিতে বলায় অসুবিধার কথা জানিয়ে তিনি দিল্লির ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলেন।তবে নায়িকার সেই আবেদন খারিজ করে ,তাঁকে কলকাতাতেই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
